স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর
সরিয়ে দেওয়া হলো শাহআলী থানার ওসিকে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর ঢাকার শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ওসি জাহাঙ্গীরকে প্রত্যাহারের নির্দেশ দেন। পরে পরিদর্শক জাহাঙ্গীর আলমকে পুলিশ সদর দপ্তর ও কেন্দ্রীয় প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। আদেশে এ পদক্ষেপকে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার জানিয়েছিলেন, স্বাস্থ্যকেন্দ্রটি ভাঙচুরের সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর এই বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন স্বাস্থ্যকেন্দ্রটির ক্ষতিগ্রস্ত ভবনের সামনে ত্রিপল টানিয়ে হাম ও টিকাদান কার্যক্রম চালানো হয়।
হামলা ও ভাঙচুরের ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহআলী থানায় মামলা করেন। ওই মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়নি—এমন অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের ঘটনা প্রতিহত করা পুলিশের দায়িত্বের অংশ। পুলিশের কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনারকে (ডিসি) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
