ক্রীড়া প্রতিমন্ত্রী
রাড্ডা হামলায় এক এমপিসহ দলীয় নেতাকর্মীদের নাম শোনা যাচ্ছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এক সংসদ সদস্যসহ (এমপি) দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তারা ঘটনায় জড়িত প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, একটি রাজনৈতিক মহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। হামলার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।
তিনি বলেন, এ ঘটনায় দলীয় কিছু নেতাকর্মী ও একজন সংসদ সদস্যের নাম শোনা যাচ্ছে। তদন্তে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি সংস্কার করে দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশধারী একটি দল হামলা চালায়। প্রতিষ্ঠানটির অভিযোগ, ২০০ থেকে ২৫০ জনের মতো ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।
ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাহ আলী থানায় মামলা করা হয়েছে। মামলায় একজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, হামলার ঘটনায় পুলিশের দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
