×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। সারাদেশের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোথাও দখলদারিত্ব বা চাঁদাবাজি হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন সময়ে মন্ত্রী অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে অভিযোগ করেন নাহিদ।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা বা প্রশ্ন করা হলে তিনি বিষয়গুলো এড়িয়ে যেতেন। রাজপথের বক্তব্য কিংবা পল্টনের বক্তব্য -এ ধরনের কথা বলে তিনি সংসদের প্রশ্নের জবাব এড়িয়ে যেতেন বলে দাবি করেন নাহিদ।

মিরপুরের রাড্ডা সেন্টারে ভাঙচুরের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। তাঁর দাবি, সেখানে স্থানীয় বিএনপি, একজন নারী সংসদ সদস্যের নাম আসা এবং পুলিশ প্রশাসনের নীরবতার মাধ্যমে ঘটনার পরোক্ষ সহযোগিতার বিষয়টি সামনে এসেছে।

নাহিদ ইসলাম বলেন, ঢাকার মতো একটি শহরে তিন ঘণ্টা ধরে ভাঙচুর চলবে অথচ প্রশাসন কিছুই করতে পারবে না—এটি হতে পারে না।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে বিএনপির বিরুদ্ধে যে নৈরাজ্য, তাণ্ডব ও দখলবাজির অভিযোগ রয়েছে, মিরপুরের রাড্ডা সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিসে ভাঙচুরের ঘটনাও তার ধারাবাহিকতা।

তিনি আরও বলেন, প্রশাসন কীভাবে নিষ্ক্রিয় থাকছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এসব ঘটনায় তা স্পষ্ট হচ্ছে। তাঁর ভাষায়, দেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনী আছে কি না, তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার আগে বলেছিল, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে মব বা সংঘবদ্ধ সহিংসতা বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। কিন্তু বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে দলটি নিজেদের নেতাকর্মীদেরও নিয়ন্ত্রণ করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১২ শতাধিক

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১২ শতাধিক

কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ

মানবতাবিরোধী অপরাধ কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ

জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জনের জামিন নামঞ্জুর

জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জনের জামিন নামঞ্জুর

কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ২৪৪

কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ২৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App