×

জাতীয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ এএম

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

ছবি : সংগৃহীত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং ব্যাংকঋণের চাহিদা বাড়াতে ভারসাম্যপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেশে মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের ওপরে থাকলেও বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি কমানোর ধারাবাহিকতা বজায় রেখে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা এবং উৎপাদনশীল খাতে ঋণের প্রবাহ বাড়ানোই নতুন মুদ্রানীতির বড় চ্যালেঞ্জ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন। এবারই প্রথম ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাস—অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত—সময়কে কেন্দ্র করে মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান ঢাকা পোস্টকে জানান, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন মাস অন্তর মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টি পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংকও তিন মাস মেয়াদি মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

নতুন মুদ্রানীতিতে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, মূল্যস্ফীতি এবং বেসরকারি বিনিয়োগ দুটিই কেন্দ্রীয় ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। তাই এ দুই বিষয়ের মধ্যে সমন্বয় রেখেই নতুন মুদ্রানীতি প্রণয়ন করা হবে।

এতদিন বাংলাদেশ ব্যাংক বছরে দুবার—জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর—মেয়াদে মুদ্রানীতি ঘোষণা করত। এবার তিন মাসের জন্য মুদ্রানীতি ঘোষণার মধ্য দিয়ে সেই প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আসছে।

বেসরকারি খাতে ঋণের চাহিদা কম

দীর্ঘদিন ধরে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি দুর্বল অবস্থায় রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই শেষে এ খাতে ঋণপ্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৬২ শতাংশে। জুনে এই হার ছিল ৪ দশমিক ৪৭ শতাংশ, যা তখন রেকর্ড সর্বনিম্ন ছিল।

বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬ দশমিক ৮০ শতাংশ।

খাতসংশ্লিষ্টদের মতে, বিনিয়োগে স্থবিরতা, ব্যবসায়িক অনিশ্চয়তা, জ্বালানি সংকট এবং উচ্চ সুদের কারণে ব্যাংকঋণের চাহিদা কমেছে। ব্যাংকিং খাতে পর্যাপ্ত তারল্য থাকলেও উদ্যোক্তাদের নতুন বিনিয়োগে আগ্রহ কম থাকায় সেই অর্থ উৎপাদনশীল খাতে প্রবাহিত হচ্ছে না।

বেসরকারি বিনিয়োগে গতি আনতে গত ২ আগস্ট নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক। ঋণের ব্যয় কমিয়ে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো ছিল এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। তবে নীতি সুদহার কমানোর পরও বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি ৫ শতাংশের ওপরে উঠতে পারেনি।

কিছুটা কমেছে মূল্যস্ফীতি

অন্যদিকে সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, আগস্টে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। আগস্টের মূল্যস্ফীতি গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।

তবে মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের বেশি থাকায় মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর চাপ অব্যাহত রয়েছে। ফলে মূল্যস্ফীতি কমানোর ধারা ধরে রাখার পাশাপাশি ব্যাংকঋণ ও বিনিয়োগ বাড়াতে কতটা নীতিগত সুযোগ দেওয়া হবে, সেটিই নতুন মুদ্রানীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বর্তমান নীতি সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে। তবে সরকারের সম্ভাব্য প্রণোদনা কর্মসূচি, বিভিন্ন খাতে তারল্য সহায়তা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার কারণে অর্থনীতিতে অতিরিক্ত তারল্য তৈরি হতে পারে। এর ফলে মূল্যস্ফীতির ওপর আবারও বাড়তি চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিন মাস অন্তর মুদ্রানীতির উদ্যোগ

সম্প্রতি জাতীয় সংসদের একটি কমিটিতেও বছরে চারবার মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব এসেছে। অর্থনীতির পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মুদ্রানীতিতেও দ্রুত সমন্বয় আনার লক্ষ্যেই এ প্রস্তাব করা হয়েছে।

তিন মাস অন্তর মুদ্রানীতি ঘোষণা করা হলে মূল্যস্ফীতি, ঋণপ্রবাহ, বিনিয়োগ ও ব্যাংকিং খাতের তারল্য পরিস্থিতির পরিবর্তন দ্রুত পর্যালোচনা করে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়বে। এতে অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নীতিও তুলনামূলক দ্রুত সামঞ্জস্য করা সম্ভব হবে।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার পাশাপাশি ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণের কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকারের নির্ধারিত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরে গড় মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বর্তমানে মূল্যস্ফীতির হার সেই লক্ষ্যের চেয়ে প্রায় দেড় শতাংশীয় পয়েন্ট বেশি।

এ অবস্থায় অক্টোবর-ডিসেম্বর মেয়াদের নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার, ব্যাংকিং খাতের তারল্য ব্যবস্থাপনা এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ নিয়ে বাংলাদেশ ব্যাংক কী ধরনের অবস্থান নেয়, সেদিকেই এখন নজর অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App