নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বরের ‘নিউ গিনি প্রপার্টিজ’ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মামলার প্রেক্ষাপট
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউ গিনি প্রপার্টিজ এলাকায় ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিও, আবাসন প্রকল্পের কার্যালয় এবং আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
আরও পড়ুন: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা ও ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার গোলাম মহিউদ্দিন চৌধুরী এই মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি।
জমি নিয়ে বিরোধ ও পুলিশের তদন্ত
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিউ গিনি প্রপার্টিজ কর্তৃপক্ষের সঙ্গে গোলাম মহিউদ্দিন চৌধুরীর জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। প্রায় ৩৫ কাঠা জমি এবং ওই এলাকায় যাতায়াতের রাস্তা ব্যবহারকে কেন্দ্র করেই মূলত এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়।
চাঞ্চল্যকর এই মামলায় এর আগে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
