পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম
ছবি : সংগৃহীত
পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের শহর-বন্দর ও নগরগুলোতে মানুষের বসতি ক্রমেই বাড়ছে। রাজধানী ঢাকা বর্তমানে অতিরিক্ত জনসংখ্যার চাপে রয়েছে। দেশের অন্যান্য শহরেও স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় বেশি মানুষ বসবাস করছেন। এ বাস্তবতায় সবার জন্য আবাসন ও টেকসই নগরায়ণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, শহরাঞ্চলে সব মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। তবে দেশের বর্তমান বাস্তবতায় এসব লক্ষ্য বাস্তবায়ন সহজ নয়।
তারেক রহমান বলেন, সবার জন্য বাসযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশসম্মত আবাসন এবং মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। নাগরিকদের আবাসনের অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।
সরকারপ্রধান বলেন, পরিকল্পিত, নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলাই সরকারের লক্ষ্য। পাশাপাশি নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য নিরাপদ, বাসযোগ্য ও মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা করাও সরকারের পরিকল্পনার অন্যতম অংশ।
তিনি জানান, পরিকল্পিত নগরায়ণ ও আবাসন নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কাজ করছে। এর অংশ হিসেবে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, সহনশীল ও টেকসই নগর গড়ে তোলা সম্ভব হবে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১১ নম্বর লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
