বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি : সংগৃহীত
দেশকে অস্থিতিশীল করতে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মতো আবারও সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘চব্বিশে আমরা যেভাবে তাদের বিতাড়িত করেছি, সেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই।’
গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে, ঠিক তখনই পলাতক ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা দেশে অগ্নিসংযোগের নির্দেশ দিচ্ছেন। তাঁর ভাষায়, ‘এই সন্ত্রাসী দলটি প্রমাণ করেছে, এরা কোনো রাজনৈতিক দল নয়। এরা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী।’
আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়ার বিরোধিতা করে তারেক রহমান বলেন, দলটির চরিত্র পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আবারও প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
দেশকে আবারও অন্যের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে দাবি করে তা প্রতিহত করতে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আসুন এক মঞ্চে দাঁড়াই। তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আওয়াজ তুলে বলি—ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই হোক আজকের শপথ, প্রত্যাশা।’
পোশাকশিল্পে অস্থিরতা নিয়েও উদ্বেগ
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতার পেছনেও ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি গার্মেন্টশিল্প ধ্বংস করতে চায়। একটি বিশেষ দেশের হাতে এ শিল্প তুলে দেওয়ার চেষ্টা চলছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী অচিরেই নতুন বেতন কাঠামো ঘোষণার প্রতিশ্রুতি দেন।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে অবস্থানরত ব্যক্তিদের উসকানিতে কেউ যেন কারখানায় অগ্নিসংযোগ বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হন। কারখানা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের কর্মসংস্থান ও বেতনও ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের অর্জন তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের মানুষ বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। রাষ্ট্র ও সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে। পাশাপাশি গুম, খুন ও অপহরণের আতঙ্ক থেকে জনগণ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ঐক্য ধরে রাখার আহ্বান বিরোধীদলীয় নেতার
প্রধানমন্ত্রীর আগে সংসদে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতদের ফিরে আসা ঠেকাতে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, আমি এটা বিশ্বাস করি না, যদি ঐক্যের জায়গা আমরা প্রতিষ্ঠিত করতে পারি।’
সরকারকে তোষামোদকারীদের বিষয়ে সতর্ক করে শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জাতি প্রত্যাশা করে না। তিনি আরও বলেন, দেশে আগের মতো কোনো পরিস্থিতির পুনরাবৃত্তি কিংবা নতুন উৎপাত কাম্য নয়।
এ ছাড়া ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়ারও আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। নিত্যপণ্যের দাম নিয়ে আগের সময়ের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুব ঝাল খেতে পারি না। স্বৈরাচারী আমলে যে ঝাল ১২০০ টাকা হয়েছিল, মরিচের সেই ঝাল এখন অনেক কমে গিয়েছে।’
পবিত্র রমজান সামনে রেখে খেজুরসহ বিভিন্ন ফল আমদানিতে শুল্ক কমানোর কথাও জানান তিনি।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব পেয়েছে। সেখান থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার কাজ করছে। অতীতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
