আখাউড়া ইমিগ্রেশনে সরকারি কাজে বাধা, কথিত সাংবাদিক গ্রেফতার
বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নাজমুল হাসান রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে বুধবার বিকালে আখাউড়া থানায় সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাপ্পি রায় চৌধুরী নামে এক ভারতীয় নাগরিক সাংবাদিক ভিসায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় ইমিগ্রেশন এলাকায় দায়িত্ব পালনরত একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যের নজরে আসেন তিনি। পরে তার পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, ওই ভারতীয় নাগরিক সাংবাদিক ভিসায় বাংলাদেশে প্রবেশ করতে ইমিগ্রেশন চেকপোস্টের ডেস্ক রুমে আসেন। এ সময় বাংলাদেশে আসার উদ্দেশ্য এবং কোথায় যাবেন, তা জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, ওই ভারতীয় নাগরিককে ইমিগ্রেশনে গ্রহণ করতে আসেন নাজমুল হাসান রনি নামে আখাউড়ার এক কথিত সাংবাদিক। একপর্যায়ে তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে ভারতীয় নাগরিককে ফেরত পাঠানোর কারণ জানতে চেয়ে কৈফিয়ত দাবি করেন। এ সময় তিনি ইমিগ্রেশন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং দায়িত্ব পালনরত পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের জানানো হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার (এসপি) মু. জালাল উদ্দিন ফাহিম জানান, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় নাগরিকের প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই করা হয়। এ সময় তিনি সন্তোষজনক তথ্য দিতে না পারায় তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় ওই ভারতীয় নাগরিকের পক্ষে অবস্থান নিয়ে ইমিগ্রেশন পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নাজমুল হাসান রনিকে গ্রেফতার করা হয়েছে।
নাজমুল হাসান রনি পেশায় একজন দলিল লিখক। সে আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামের আবসু খাদেমের ছেলে। আগেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে চাঁদা দাবি করে না পেয়ে মিথ্যা তথ্যদিয়ে সংবাদ প্রচার করায় আখাউড়ার দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা চলমান রয়েছে বলে আখাউড়া থানা পুলিশ জানিয়েছেন।
