১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে গত ২৫ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে চিঠি জারি করা হয়েছে। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিটি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর সম্মতির জন্য সারসংক্ষেপ পাঠানো হলে তিনি এতে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরের নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিবালয় স্থানান্তর প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প প্রস্তাবে যা বলা হয়েছে
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ সচিবালয় ১৭ দশমিক ৫৭ একর জায়গার ওপর অবস্থিত। সেখানে মোট ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মিত।
সচিবালয়ের পুরোনো ১, ২, ৩ ও ৮ নম্বর ভবন ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের মধ্যে এবং ৫ নম্বর ভবনটি ১৯৪৭ সালে নির্মাণ করা হয়। এসব ভবন ভূমিকম্প সহনশীলতার বিষয়টি বিবেচনায় রেখে তৈরি করা হয়নি। ঢাকা ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় এসব ভবনে গুরুত্বপূর্ণ সরকারি মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পরিচালনাকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রকল্প প্রস্তাবে।
এ ছাড়া বিদ্যমান ভবনগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত ব্যবহারযোগ্য জায়গা নেই। পর্যাপ্ত ওয়াশ-ব্লকের অভাব এবং ধারণক্ষমতার তুলনায় বেশি মানুষের ব্যবহারের কারণে স্বাস্থ্যকর কর্মপরিবেশ বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে।
বর্তমানে বাংলাদেশ সচিবালয়ে মোট অফিস স্পেসের পরিমাণ প্রায় ১৮ লাখ ৭৬ হাজার বর্গফুট। বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত জায়গার চাহিদা এবং সচিবালয় কমপাউন্ডের বাইরে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর দাপ্তরিক কার্যক্রম এক জায়গায় আনার জন্য আরও ১০ লাখ বর্গফুটের বেশি অফিস স্পেস প্রয়োজন বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
