×

জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিদেশগামী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন প্রবাসী কর্মীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা হয়েছিল। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে পৃথক মন্ত্রণালয় গঠিত হয়।

তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে বিদেশে জনশক্তি পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

এরপর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় প্রথম শ্রমবাজারকেন্দ্রিক মালয়েশিয়া সফরের ফলেই দেশটির শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে। এ উদ্যোগে মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও নির্দেশনার কথা উল্লেখ করে মালয়েশিয়াগামী কর্মীদের শুভেচ্ছা জানান। পাশাপাশি সেখানে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিকে বাংলাদেশের জন্য স্মরণীয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বৃহস্পতিবার ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে দেশটিতে পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও কর্মী পাঠানো সম্ভব হওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠানো সম্ভব হলে তা ব্যক্তি ও দেশের উভয়ের জন্যই লাভজনক হবে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক কর্মীদের দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে।

তিনি জানান, বিদেশে কর্মক্ষেত্রে ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ। তাই আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে আপনাদের পরিচয় হবে বাংলাদেশি হিসেবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। আপনাদের আচরণ ও কাজের মাধ্যমেই বিদেশিরা বাংলাদেশকে মূল্যায়ন করবে। যে প্রতিষ্ঠানে কাজ করবেন, সেখানে সুনাম অর্জন করতে পারলে ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে।

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে কর্মী পাঠানোর এ উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি আবারও দেশের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল আচরণ, নিয়ম মেনে চলা ও সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

গঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

পানিসম্পদমন্ত্রী গঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App