১০ জেলার নিয়ন্ত্রণ চায় আ.লীগ, সতর্ক পুলিশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্তত ১০টি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে নিষিদ্ধ সংগঠনকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ঝুঁকির তালিকায় থাকা জেলাগুলো হলো—গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, ফরিদপুর, বাগেরহাট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও নেত্রকোনা।
গোয়েন্দা সূত্রের দাবি, গোপালগঞ্জের মতো পরিস্থিতি তৈরি করে এসব এলাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পনা থাকতে পারে দলটির নেতাকর্মীদের। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনটির কোনো কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হবে না।
সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা। তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এরই মধ্যে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে গত ১৯ নভেম্বর অনলাইনে সারা দেশে কথিত লকডাউনের ঘোষণা দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ওই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। সেই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশের আশঙ্কা, ২৮ নভেম্বর দুপুরের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। যানবাহন এবং সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রাজধানীতেও নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করতে পারে দলটির নেতাকর্মীরা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ক্ষেত্রে ৩০ নভেম্বর ঢাকায় চলাচল ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের পর মাদারীপুর, শরীয়তপুর ও নড়াইলকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নড়াইলে সরকারি স্থাপনা এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও সালথা উপজেলাতেও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বাগেরহাট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও নেত্রকোনায় সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ করা হয়েছে।
সূত্রের দাবি, কয়েকটি জেলায় সর্বাত্মক লকডাউন কার্যকরের মাধ্যমে অচলাবস্থা তৈরির লক্ষ্যে দেশের ভেতরে থাকা নেতাকর্মীরা ভারতে অবস্থানরত নেতাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রাখছেন। ভার্চুয়াল বৈঠকে ভোলা, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর ও মানিকগঞ্জের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র অনুযায়ী, ভোলায় শাওন, গাজীপুর ও টাঙ্গাইলে ছোট মনির, জামালপুরে মির্জা আজম এবং মানিকগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া বিএনপির সাংগঠনিক অবস্থান তুলনামূলক দুর্বল—এমন জেলাগুলোতে সুযোগ নিয়ে গোপালগঞ্জের মতো পরিস্থিতি তৈরির পরিকল্পনার কথাও গোয়েন্দা তথ্যে উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে, ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে পুলিশ সদস্যরাও ঝুঁকিতে থাকতে পারেন। থানা ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপ সৃষ্টি করে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
