চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। পাশাপাশি বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।
অনুষ্ঠানে মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইটের ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাংলাদেশের জন্য দিনটি স্মরণীয়। প্রথম ধাপে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে বিনা খরচে দেশটিতে পাঠানোর সক্ষমতা তৈরি হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও বাংলাদেশের জন্য শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান।
বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের প্রশিক্ষিত করে বিদেশে পাঠানো গেলে তারা যেমন উপকৃত হবেন, তেমনি দেশও লাভবান হবে। এ লক্ষ্যেই বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার।
ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিদেশে কাজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সরকার কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। এতে কর্মীদের কাজ করতে সুবিধা হবে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা যেন সুস্থভাবে গন্তব্যে পৌঁছে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। একই সঙ্গে মালয়েশিয়ার সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান তিনি।
প্রবাসীদের আচরণের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত উল্লেখ করে তারেক রহমান বলেন, বিদেশে একজন বাংলাদেশি কর্মীর কাজ ও আচরণের মধ্য দিয়ে সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশকে মূল্যায়ন করে। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে বিদেশি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী হবে।
তিনি কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আইন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন। কর্মী পাঠানোর কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পরে রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার পর সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাদের সঙ্গে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তি করা হয়েছে। নিয়োগকর্তার পক্ষ থেকে কর্মীদের আবাসন ও চিকিৎসাসেবা দেওয়া হবে। অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয়ও বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার চালু এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি।
ওই বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।
