করোনা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের আহ্বান সিপিবির
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২১, ০৪:২৭ পিএম
সবার জন্য অতি দ্রুত ভ্যাকসিন নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয়ভাবে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
আজ শুক্রবার (২৫ জুন) এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, প্রায় দেড় বছরের দেশ ও বিশ্বের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এখনকার মতো বড় সংকটে পড়তে হতো না। সময়মত ভ্যাকসিন সংগ্রহ করে দেশের অধিকাংশ মানুষকে দিতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত।
বিবৃতিতে তারা বলেন, সীমান্তবর্তী এলাকা ও গ্রামে-গঞ্জে করোনা ছড়িয়ে গড়া খুবই উদ্বেগজনক। আমরা সাধারণ মানুষকে সচেতন করতে পারিনি। আর ঐসব অঞ্চলে চিকিৎসা সুবিধা নেই বললে চলে।
সিপিবি বলেছে, শুধু আইন দিয়ে এ অবস্থার পরিবর্তন করা যায় না। তাই শুরু থেকে আমরা এই দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেয়ার কথা বললেও সরকার ‘সব ঠিক আছে’ বলে সমন্বিত উদ্যোগ নেয়নি বরং উপেক্ষা করেছে।
বিবৃতিতে নেতারা কঠোর আইন প্রয়োগের আগে সংকট মোকাবেলায় স্থানীয়ভাবে দল-মত নির্বিশেষে সমন্বিত উদ্যোগ গ্রহণ, মানুষের খাদ্য ও চিকিৎসা নিশ্চয়তা দেওয়া, সর্বত্র পর্যাপ্ত করোনা পরীক্ষা, আইসোলেশন সুবিধা এবং মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের দাবি জানান। এসব কাজে স্বেচ্ছাসেবক হতে তরুণদের উদ্বুদ্ধ করতে যথাযথ ভূমিকা নেয়ারও আহ্বান জানান ।
বিবৃতিতে নেতারা বলেন, করোনা ভ্যাকসিন সংগ্রহ করতে ব্যর্থতা, প্রয়োজনীয় জনগোষ্ঠীকে ভ্যাকসিন দিতে না পারার দায় সরকারের। বিবৃতিতে যে কোনো মূল্যে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ ও দেশে ভ্যাকসিন উৎপাদনে দৃশ্যমান বাস্তব পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
বিবৃতিতে সিপিবি বলেছে, গত বছরে গ্রামাঞ্চলে করোনার প্রকোপ না থাকায় উৎপাদনে বিশেষ প্রভাব পড়েনি। যা আমাদের জাতীয় অর্থনীতিকে সচল রাখতে অন্যতম ভূমিকা রেখেছে। এখন গ্রামাঞ্চলের মানুষসহ দেশবাসীকে রক্ষায় বিশেষ ভূমিকা নেয়া আমাদের অন্যতম কর্তব্য হিসেবে বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে।
তাদের খাদ্য, চিকিৎসাসহ বেঁচে থাকা নিশ্চিত করার দাবি জানিয়ে সবার জন্য করোনা ভ্যাকসিনেশন নিশ্চিতে আগামী ৩০ জুন সারাদেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ পালনের আহ্বানও জানানো হয়।
