×

জাতীয়

বিদায়ী বক্তব্যে কাদলেন মির্জা ফখরুল, চাইলেন ভোট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম

বিদায়ী বক্তব্যে কাদলেন মির্জা ফখরুল, চাইলেন ভোট

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভায় আবেগঘন বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্যসাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দিতে গিয়ে কয়েকবার কেঁদে ফেলেন তিনি। একই সঙ্গে দলের নেতাকর্মীদের কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দুপুর ২টা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে।

সভায় দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের দূরত্ব তৈরি না হওয়ার বিষয়ে সতর্ক করেন তিনি।

আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

সভায় বিএনপির চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের বিস্তারিত জানান এবং মির্জা ফখরুলের পক্ষে ভোট চান। তিনি জানান, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল নিজেও ভোট দেবেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হবে।

কান্নায় ভেঙে পড়েন ফখরুল

এরপর বক্তব্য দিতে দাঁড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কয়েকবার কান্নায় ভেঙে পড়েন বিএনপির সদ্যসাবেক মহাসচিব।

বক্তব্যে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা জানান ফখরুল। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালনের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। দায়িত্ব পালনকালে কোনো ভুল হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, প্রয়োজনে জীবন দিয়ে হলেও সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না বলেও জানান তিনি।

আরও পড়ুন: নিরাময়কেন্দ্রেই বন্দিশালা, তমিজীকে নিয়ে হারুনের বিস্ফোরক তথ্য

বঙ্গভবনে দায়িত্ব নেওয়ার পর সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে মির্জা ফখরুল সবার কাছে দোয়া চান। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, কয়েক মিনিটের বক্তব্যে চার-পাঁচবার কেঁদেছিলেন ফখরুল। তার বক্তব্যে সভাকক্ষে আবেগঘন পরিবেশ তৈরি হয়। একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন।

রাষ্ট্রপতি নির্বাচিত হলে বৃহস্পতিবারের পর বিএনপির সংসদীয় দলের সভায় মির্জা ফখরুলকে আর দেখা যাবে না- এ বিষয়টিও তার বক্তব্যকে আরও আবেগপূর্ণ করে তোলে।

ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা তারেকের

পরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দিনটি ঐতিহাসিক। অনেক ত্যাগ ও মূল্য দিয়ে তারা বর্তমান অবস্থানে পৌঁছেছেন। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

তারেক রহমান বলেন, দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রের সর্বস্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি অপরিহার্য- এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

আরও পড়ুন: পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রি করতেন সুমাইয়া, অতঃপর...

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বহু বছর ধরে ফখরুল দলের সঙ্গে যুক্ত রয়েছেন। দলের কঠিন সময়ে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং কখনো হাল ছাড়েননি। এ সময় তাকে কারাবন্দি করা হয়েছিল বলেও উল্লেখ করেন তারেক রহমান। সেই সময়ে তাকে দেশের বাইরে থাকতে হয়েছিল বলেও জানান তিনি।

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে দলীয় সংসদ সদস্যদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবারের নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার নির্দেশ দেন। সাংগঠনিক ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় নির্বাচন নিয়ে এমপিদের সতর্কতা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের সতর্ক করেন তারেক রহমান। তিনি বলেন, অনেক সংসদ সদস্যের সঙ্গে স্থানীয় পর্যায়ে দলের দূরত্ব তৈরি হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই এ ধরনের দূরত্ব বাড়তে দেওয়া যাবে না।

প্রধানমন্ত্রী জানান, এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়াই অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনটি চ্যালেঞ্জিং হবে। গত সংসদ নির্বাচনে অনেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যাতে কেউ দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান না নেন, সে জন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে।

স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়ে তাকে বিজয়ী করার উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে বিএনপির সংসদীয় দল

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে মির্জা ফখরুলের আবেগঘন বিদায় এবং স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের সাংগঠনিক বার্তা- সব মিলিয়ে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক অটুট রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেদিন থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল

যেদিন থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল

বিদায়ী বক্তব্যে কাদলেন মির্জা ফখরুল, চাইলেন ভোট

বিদায়ী বক্তব্যে কাদলেন মির্জা ফখরুল, চাইলেন ভোট

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App