ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি : সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতার ‘উধাও’ হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শেখ রহমত উল্লাহ শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক।
এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের বাবা হারুনুর রশিদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ চলে যান বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এরপর পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
রোববার সকালে মরিয়ম বেগমের পরিবারের সদস্যরা থানায় গিয়ে অভিযোগ করেন। এ সময় তার দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানও মায়ের খোঁজে পরিবারের সঙ্গে থানায় যায়।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। এরপর শনিবার রাতে তারা একসঙ্গে চলে যান বলে দাবি করেন তিনি।
মরিয়ম বেগমের শ্বশুর ও অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, বাড়ি থেকে যাওয়ার সময় তার পুত্রবধূ স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।
তবে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তারা বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
