পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের আধা-উপজাতীয় পাহাড়ি এলাকা মারকা বেরা অঞ্চলে পরপর দুটি বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বান্নুর মেরকা বেরা এলাকায় দুটি পৃথক বিস্ফোরণে সাতজন নিহত এবং আরো তিনজন আহত হন।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরক থেকে। এতে একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তু হয়ে ভ্যানটিতে থাকা পাঁচজন যাত্রী নিহত হন।
এর কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে উদ্ধারকাজে নিয়োজিত দুইজন নিহত হন এবং একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
নিহত ও আহতদের খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতালে চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার জন্য স্থানান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।
আরো পড়ুন : পাকিস্তানে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৭
এর আগে গত এপ্রিলে একই অঞ্চলে আত্মঘাতী হামলায় নারী ও শিশুসহ অন্তত পাঁচজন নিহত এবং চারজন আহত হন। পরে ৩ এপ্রিল একটি পুলিশ স্টেশনের বাইরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আরেকটি হামলার চেষ্টা হয়।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। জুন মাসে উত্তর ওয়াজিরিস্তানে ভারত-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজের অন্তত ৪৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে আইএসপিআরের তথ্যে জানা গেছে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে বলে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা।
