কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম
ছবি : সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, বিষয়টি কোনো রাজনৈতিক সিদ্ধান্তের কারণে নয়; বরং ফ্লাইটের রুট ও আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা ব্যবহারের অনুমতির আবেদন দেশটির প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়।
হাইকমিশন জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পরিবহন নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে যে বিষয়টি উঠে এসেছে, সেটি মূলত ফ্লাইটের রুট নির্ধারণ এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত ব্যবস্থাপনার অংশ। এ ধরনের বিষয়ে সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষসহ বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর ফলে কখনো কখনো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তনও আসতে পারে।
পাকিস্তান হাইকমিশন আরও বলেছে, বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখা উচিত এবং এমন কোনো প্রতিবেদন বা বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, যা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে সেটি বাংলাদেশে আসতে পারেনি।
রূপপুর প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাশিয়া থেকে বাংলাদেশে জ্বালানি পরিবহনের নির্ধারিত রুটে একাধিক দেশের আকাশসীমা ব্যবহার করতে হয়। পাকিস্তানের অনুমতি না পাওয়ায় নির্ধারিত ফ্লাইটটি পিছিয়ে যায়। পরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, অক্টোবর থেকে নতুন করে ইউরেনিয়াম জ্বালানি সরবরাহ শুরু হবে এবং কয়েক দফা ফ্লাইটে ডিসেম্বরের মধ্যে সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিকভাবে ২৪ সেপ্টেম্বরের চালানটি বিলম্বিত হলেও সংশোধিত সূচি অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সরবরাহ শুরু হওয়ার কথা জানিয়েছে রোসাটম।
