রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: গয়েশ্বর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক তোলার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় জানান, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে ১৩ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এতে প্রস্তাবক ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।
আরও পড়ুন: শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ আসামির শুনানি ৩ সেপ্টেম্বর
যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করে গয়েশ্বর বলেন, এখন তাঁরা ২০ আগস্টের নির্বাচনের অপেক্ষায় রয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি পরবর্তী সময়ের বিষয়। পরবর্তী সংসদ চাইলে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এ নিয়ে প্রশ্ন তোলা অপ্রাসঙ্গিক এবং এতে অযথা বিভ্রান্তি তৈরি হতে পারে।
১১-দলীয় জোটের পক্ষ থেকে ৭০ অনুচ্ছেদকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখার বিষয়ে জানতে চাইলে গয়েশ্বর বলেন, এটি বড় কোনো বাধা নয়। প্রচলিত সংবিধান অনুযায়ীই বর্তমান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোথাও সংশোধনের প্রয়োজন হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হোটেল দাবি করে পর্যটককে হুমকি, অতঃপর...
বিএনপির নতুন মহাসচিব নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, এ বিষয়টি নির্বাচন কমিশনের আলোচনার বিষয় নয়। দলের মহাসচিব কে হবেন, সে সিদ্ধান্ত দলের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটিই নেবে।
এ সময় বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
