×

রাজনীতি

ছাত্রদলের কমিটি চূড়ান্ত: শেষ মুহূর্তে আলোচনা যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

ছাত্রদলের কমিটি চূড়ান্ত: শেষ মুহূর্তে আলোচনা যারা

ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে। কমিটি গঠনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে থাকায় শেষ মুহূর্তে পদপ্রত্যাশীদের তৎপরতা ও লবিং-তদবির বেড়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি অবদানের কথা তুলে ধরছেন তারা।

নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরাও। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়েও সংগঠনের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এবারের কমিটিতে অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক নতুন মুখকে জায়গা দেওয়া হতে পারে। একই সঙ্গে কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ে আগে নেতৃত্ব দেওয়া নেতাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার সম্ভাবনা রয়েছে।

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই তিন পদ ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা চলছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ। পদপ্রত্যাশী অনেক নেতা ক্যাম্পাসে মিছিল, কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের সক্রিয়তা জানান দিচ্ছেন।

এরই মধ্যে গত বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রের দাবি, এক থেকে দুই দিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা হতে পারে। নেতৃত্ব নির্বাচনে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে আলোচনায় রয়েছেন সর্বশেষ কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, খোরশেদ আলম সোহেল, কাজী জিয়া উদ্দিন বাসেত, এজাজুল কবির রুয়েল, এইচএম আবু জাফর, আবিদুল ইসলাম খান আবিদ, শেখ তানভীর বারী হামিম, সালেহ মো. আদনান, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, শরীফ প্রধান শুভ, ফারুক হোসেন, মমিনুল ইসলাম জিসান, ডা. তৌহিদুর রহমান আউয়াল, তরিকুল ইসলাম তারিক, আনিসুর রহমান খন্দকার অনিক, রাজু আহমেদ ও মিনহাজ আহমেদ প্রিন্সসহ অনেকে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: গয়েশ্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নামও আলোচনায় রয়েছে। এছাড়া গাজী সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল, মাসুদুর রহমান মাসুদ, তারেক হাসান মামুন, নাছির উদ্দীন শাওন ও জাহিদ হাসান শাকিল সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, আলোচনায় থাকা এসব নেতার মধ্য থেকেই কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব বাছাই হতে পারে। প্রথমে ‘সুপার ফাইভ’ বা ‘সুপার সেভেন’ কমিটি ঘোষণা করে পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সম্ভাবনাও রয়েছে।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের নাম সভাপতি ও সাধারণ সম্পাদক পদের আলোচনায় জোরালোভাবে রয়েছে। তার সমর্থকদের দাবি, মাঠপর্যায়ের রাজনীতি, সাংগঠনিক দক্ষতা ও বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকার কারণে তিনি এগিয়ে রয়েছেন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদও আলোচনায় রয়েছেন। ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় এই নেতা ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি প্রার্থী হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

আবিদের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের নামও নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আলোচনায় রয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগে সক্রিয় থাকার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডে তার ভূমিকার বিষয়টি সমর্থকেরা সামনে আনছেন।

সভাপতি পদপ্রত্যাশী কাজী জিয়া উদ্দিন বাসেত বলেন, ছাত্ররাজনীতিকে শিক্ষার্থীবান্ধব ও গ্রহণযোগ্য করে তুলতে হবে। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তার জন্য কাজ করার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন: ‘ফ্যামিলি কার্ডের নামে ৫০০ টাকা নেন মহিলা দলের নেত্রী’

মমিনুল ইসলাম জিসান বলেন, নতুন কমিটির অপেক্ষায় নেতাকর্মীরা। নতুন নেতৃত্বের মাধ্যমে দেশ গঠনে ছাত্রদল আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজু আহমেদও নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

পদপ্রত্যাশীদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট নতুন কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির শীর্ষ নেতৃত্বই নেবে। যে নেতাকে যে দায়িত্ব দেওয়া হবে, তা মেনে নিয়ে সংগঠনের জন্য কাজ করার কথাও জানিয়েছেন পদপ্রত্যাশীরা।

২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দিন নাছির। একই সময়ে আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহসভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক হন।

পরে ২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর হওয়ায় বর্তমান কমিটির মেয়াদ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

কর্মস্থলে না এসেও বেতন, শিক্ষিকার টাকায় মাদ্রাসা চালানোর অভিযোগ

কর্মস্থলে না এসেও বেতন, শিক্ষিকার টাকায় মাদ্রাসা চালানোর অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App