১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত
সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে এ লংমার্চ শুরু হবে। যাত্রাপথে শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৃথক পথসভায় বক্তব্য রাখবেন ১১ দলের শীর্ষ নেতারা।’
আরও পড়ুন: ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
জোটের নেতাকর্মীদের যেকোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘একের পর এক জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’
এ সময় বিরোধীদলীয় নেতাদের প্রতি আক্রোশ থেকে সরকারদলীয় ক্যাডাররা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
