×

শেষের পাতা

সিপিডির সংলাপ : ই-কমার্স নিয়ন্ত্রণে নতুন আইন চান না উদ্যোক্তারাই

Icon

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : দেশের অনলাইন বাণিজ্য বা ই-কমার্স নিয়ন্ত্রণে নতুন কোনো আইন চান না খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে নতুন করে আলাদা নিয়ন্ত্রক সংস্থা গঠন করার প্রয়োজন নেই বলেও মনে করেন তারা। গতকাল শনিবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক ভার্চুয়াল সভায় অনলাইন বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তা ও আইনজীবীরা বলেন, নতুন আইন কিংবা নিয়ন্ত্রক সংস্থা গঠন না করে বরং সরকারের উচিত হবে বিদ্যমান যেসব আইন আছে, সেগুলো বাস্তবায়নে নজর দেয়া; একই সঙ্গে সরকারের এক সংস্থার সঙ্গে আরেক সংস্থার সমন্বয় করা। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্থাটির চেয়ারম্যান রেহমান সোবহান, আইনজীবী তানজীব উল আলম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, চালডাল ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলিম, শপ আপের চিফ অব স্টাফ জিয়াউল হক, অ্যাসিক্স বিডির ব্যবস্থাপনা পরিচালক আফসানা আসিফ, ই-ক্যাবের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদসহ অন্যরা। ভার্চুয়াল আলোচনায় স্বাগত বক্তব্যে ই-কর্মাস খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সাতটি সুপারিশ করেন ফাহমিদা খাতুন। সুপারিশগুলো হলো- বিদ্যমান আইন ও বিধিবিধান সংশোধন করা উচিত এবং প্রতারক ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সেগুলো যথাযথভাবে প্রয়োগ করতে হবে। পর্যাপ্ত, দক্ষ মানবসম্পদ এবং প্রযুক্তি উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আর্থিক গোয়েন্দা ইউনিট এবং প্রতিযোগিতা কমিশনের মতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে এবং এ সংস্থাগুলের ভূমিকা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে। ই-কমার্সের ওপর নিয়মিত তথ্য সংগ্রহ করা উচিত এবং সেগুলো সংশ্লিষ্ট সংস্থা এবং জনগণের সঙ্গে নিয়মিতভাবে ভাগ করা উচিত যাতে এই ব্যবসার জবাবদিহিতা বাড়ে এবং গ্রাহকদের ই-কমার্স ব্যবসার কার্যক্রম সম্পর্কে সচেতন করে। ই-কমার্স গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানো উচিত যাতে তারা দায়িত্বশীল আচরণ করে এবং অসাধু ই-কমার্স প্রতিষ্ঠানের এই ধরনের ফাঁদে না পড়ে। ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) মতো বেসরকারি সংস্থার নিবন্ধনের আগে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা, তাদের স্থায়িত্ব যাচাই করা এবং এই ব্যবসার কার্যক্রম পর্যবেক্ষণ করে সদস্যপদ দেয়া। প্রতারক প্রতিষ্ঠানে জনগণ যেন বিনিয়োগ না করে সেজন্য সরকারকে কোম্পানি আইনের আইনি কাঠামোর মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে। আলোচনায় বলা হয়, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণামূলক আচরণের কারণে ই-কমার্স খাত মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব ভুয়া প্রতিষ্ঠানে হাজার হাজার ভোক্তাদের টাকা আছে। অন্যদিকে ই-কমার্স সেক্টরের ওপর গ্রাহকদের আস্থাও নষ্ট হয়েছে। ওয়াসিম আলিম বলেন, ই-কমার্স নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের মতো দেশেও আলাদা কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই। শুনতে পাচ্ছি, ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে আলাদা একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করবে সরকার। এটি ই-কমার্সকে আরো কঠিন করে ফেলবে। সরকারের বিদ্যমান যেসব সংস্থা আছে, তাদের মাধ্যমে নজরদারি বাড়ালে সেটি আরো বেশি কার্যকর হবে। ফাহিম মাশরুর বলেন, ই-কমার্স নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের বড় ভূমিকা ছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে এসব ঘটনা ঘটেছে। এখানে তাদের অবহেলা ছিল স্পষ্ট। ব্যাংকগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। ফাহিম মাশরুর আরো বলেন, দেশে বড় একটি সমস্যা বেকারত্ব। অসংখ্য তরুণ বেকার। কর্মহীন। তারাই ই-কমার্সে বিনিয়োগ করছে। চাকরি না থাকলে তো এখানে আসবেই। ব্যাংকের সুদের হার কম। শেয়ারবাজারও নিরাপদ নয়। তাহলে তরুণ জনগোষ্ঠী যাবে কোথায়? একটা নিয়ন্ত্রক সংস্থা গঠন করে ফেললাম, আর সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যাবে-এমনটা ভাবা ঠিক হবে না। আফসানা আসিফ বলেন, আমাজনের সঙ্গে আমাদের দেশের ই-কমার্সের বড় পার্থক্য হলো এখানে পণ্য ডেলিভারিতে অনেক সময় নেয়। সেলিম আর এফ হোসেন বলেন, ই-কমার্স নতুন একটি শিল্প। ই-কমার্সে যা কিছু ঘটেছে, তাতে একক কাউকে দোষ না দিয়ে বলা যায়, এখানে সবারই দোষ ছিল। আবদুল ওয়াহেদ বলেন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে বড় ধরনের সমন্বয়হীনতা রয়েছে। তানজীব উল আলম বলেন, বিদ্যমান আইনেই সব সমস্যার সমাধান আছে। প্রতিষ্ঠানের সক্ষমতার ঘাটতি স্পষ্ট। প্রতিযোগিতা কমিশন আছে। তাদের আইন আছে। তাদের তৎপর হওয়া দরকার ছিল। কিন্তু হয়নি। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর প্রস্তুত ছিল না। তিনি আরো বলেন, যেহেতু এ খাতের কেউ নতুন করে আইন চায় না, তাই সরকারের আগ বাড়িয়ে উচিত হবে না নতুন করে কোনো আইন কিংবা নিয়ন্ত্রক সংস্থা গঠন করা। নতুন প্রতিষ্ঠান করলে বিদ্যমান প্রতিষ্ঠান আরো দুর্বল হবে। রেহমান সোবহান বলেন, দেশে সুশাসনের মারাত্মক ঘাটতি আছে। সে কারণে গ্রাহকের টাকা লোপাটের ঘটনা ঘটছে। আর ই-কমার্সের মাধ্যমে প্রথম এ ঘটনা ঘটেনি। এর আগেও বহুবার একই ঘটনা ঘটেছে, কিন্তু বিচার হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App