নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি জনজীবনে নেতিবাচক প্রভাব : সিপিডি > চালের চাহিদার পরিমাণ মূল্যায়ন প্রয়োজন
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : দেশে নিত্যপণ্যের দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, নিত্যপণ্যের দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় মানুষের জীবনমানে নেতিবাচক প্রভাব পড়েছে। এদিকে, রেকর্ড উৎপাদন ও আমদানির পরেও কেন নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছে গবেষণা সংস্থাটি। দেশে আসলে চালের প্রকৃত চাহিদা কত, তার সঠিক মূল্যায়নের দাবি জানিয়ে প্রতি বছর কী পরিমাণ চালের জোগান হয়, তার হিসাব বের করার তাগিদ দিয়েছে সিপিডি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে ‘বাংলাদেশ অর্থনীতি ২০২১-২২ প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরে সিপিডি। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্থাটির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
চালের চাহিদা ও সরবরাহ প্রসঙ্গে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই হচ্ছে না। টেকসই না হওয়ার কারণ হলো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার
অস্থির। বিশেষ করে খাদ্যপণ্যের। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোও স্বস্তিতে নেই। করোনা মহামারির আগেও এসব সমস্যা ছিল। এখন তা বেড়েছে।
তিনি বলেন, চালের কী পরিমাণ চাহিদা, তার মূল্যায়ন করা দরকার। আগের চেয়ে চালের চাহিদা বেড়েছে। চালের বাণিজ্যিক ব্যবহারও বাড়ছে। ভোগের বাইরেও চালের ব্যবহার বাড়ছে। এসব বিষয় হিসাবে আনা দরকার। ঘাটতি টানাপড়েনের সুযোগে ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছেন। কতিপয় গোষ্ঠী চালের বাজার নিয়ন্ত্রণ করছে। কিন্তু বাজার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কার্যক্রম দেখা যাচ্ছে না।
মূলপ্রবন্ধে ফাহমিদা খাতুন বলেন, মহামারি করোনার সময় সাধারণ মানুষের আয় কমেছে, অনেকে হারিয়েছেন কর্মসংস্থান। এমন অবস্থায় নিত্যপণ্যের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা বড় উদ্বেগের বিষয়। জিনিসপত্রের দাম বাড়তির ফলে মানুষের জীবনযাত্রার মানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে পণ্যের দাম বাড়ছে - সেটা ঠিক। তবে দেশের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় সুশাসনের অভাবও নিত্যপণ্যের মাত্রাতিরিক্ত দাম বাড়ার আরেকটি বড় কারণ।
তিনি বলেন, অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪ শতাংশ এবং খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশ বলা হলেও বাস্তবতার সঙ্গে এর বিরাট ফারাক রয়েছে। করোনার সময়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
মূল্যপ্রবন্ধে আরো বলা হয়েছে, এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক হলো স্বাস্থ্য খাতের বাস্তবায়ন মাত্র ৬ দশমিক ৪ শতাংশ। এমনিতেই এডিপি বাস্তবায়ন কম হয়, সেখানে করোনার সময় স্বাস্থ্য খাতের এমন এডিপি বাস্তবায়ন খুবই নগণ্য। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও একটা চাপ পড়ছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় পূরণ খুবই কষ্টসাধ্য উল্লেখ করে সিপিডি বলছে, এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৬ শতাংশ প্রবৃদ্ধিতে রাজস্ব আহরণ করছে। লক্ষ্যমাত্রা পূরণ করতে বাকি সময়ে ৩০ শতাংশ হারে রাজস্ব আদায় করতে হবে। যা খুবই কষ্টকর। লক্ষ্যমাত্রা অর্জন করতে শুল্ক ও ভ্যাট মিলিয়ে পরোক্ষ করের ক্ষেত্রে ৩২ শতাংশের বেশি হারে আদায় করতে হবে। অন্যদিকে আয়করের লক্ষ্যমাত্রা অর্জন করতে কর আদায় করতে হবে ২৭ শতাংশ হারে। এছাড়া রাজস্ব আহরণের যে পদক্ষেপ, সেখানে কর আহরণ বাড়ানোর খুব বেশি সুযোগও নেই। আর রাজস্ব আহরণের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন না হলে বাজেট বাস্তবায়ন হুমকির মুখে পড়তে পারে।
ফাহমিদা খাতুন বলেন, আমরা এখনো করোনা থেকে পরিত্রাণ পাইনি। অসংখ্য মানুষ করোনার কারণে দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। তাদের নগদ টাকা দিতে হবে। প্রতি পরিবারে চারজন সদস্য ধরে এক মাসে খরচ আসে ৭ হাজার ২৯৭ টাকা। যদিও সরকার থেকে দেয়া হয়েছে আড়াই হাজার টাকা করে। নগদ টাকা আরো বেশি সময় ধরে দেয়া উচিত বলে মনে করেন তিনি।
এক প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা জানি, সারের জন্য ৯ হাজার কোটি টাকা ভর্তুকি রাখা হয়েছে। কিন্তু এখন যেভাবে দাম বেড়েছে, তাতে ২২ থেকে ২৩ হাজার কোটি টাকার মতো প্রয়োজন হবে। বিষয়টি সরকার কিভাবে সমন্বয় করবে? এ প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, আবার গ্যাসের দামও বাড়ছে। যেভাবে রাজস্ব আহরণ হচ্ছে, তার মাধ্যমে মূল্য সমন্বয় করে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাড়াবে।
তিনি বলেন, পৃথিবীর প্রায় সব দেশই প্রণোদনা হিসেবে নগদ টাকা দিয়েছে। সিপিডির পক্ষ থেকেও প্রান্তিক মানুষকে নগদ ৮ হাজার টাকা করে দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে ৫০ লাখ পরিবার বাছাই করা হলেও সবাইকে নগদ টাকা দেয়া যায়নি। সুবিধাভোগীর তালিকা বাছাই প্রশ্নবিদ্ধ ছিল।
সিপিডি বলেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। কিন্তু সরকারি সংস্থা বিবিএসের তথ্যে দাম বাড়ার কোনো প্রতিফলন নেই। কারণ হতে পারে বিবিএস যেসব পণ্যের ওপর ভিত্তি করে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) করে সেটি অনেক পুরনো। অথচ সা¤প্রতিক সময়ে মানুষের ভোগে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই সময় এসেছে, ভোক্তা মূল্যসূচক করার জন্য নতুন পণ্যের বাস্কেট করতে হবে। কারণ, বাজারে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে বিবিএসের তথ্যে বেশ ফারাক দেখা যাচ্ছে।
সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজের টাকা বড় বড় উদ্যোক্তারা পেয়েছেন। ঋণখেলাপিরাও পেয়েছেন। তবে প্রণোদনা প্যাকেজের টাকা যাদের পাওয়ার কথা, তাদের কাছে টাকা পৌঁছায়নি। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ক্ষতিগ্রস্তরা প্রণোদনার টাকা পাবেন। কিন্তু ক্ষতিগ্রস্তের সংজ্ঞা কী? নীতিতে দুর্বলতা থাকার কারণে প্রণোদনার টাকা সঠিক জায়গায় যায়নি। অর্থনৈতিক পুনরুদ্ধারে আগামী অর্থবছরের বাজেটে প্রান্তিক মানুষের ওপর বেশি জোর দেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি।
