×

শেষের পাতা

সিপিডির সংলাপে মেনন : দারিদ্র্যের হার কমলেও বেড়েছে বৈষম্য

Icon

প্রকাশ: ০১ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : দারিদ্র্যসীমা কমিয়ে আনতে পারলেও বৈষম্য এমনভাবে বেড়েছে যে এটা তুলনাহীন জায়গায় চলে গেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। খুব দুর্ভাগ্যজনকভাবে এই বৈষম্যের ব্যাপারটি রাষ্ট্রকর্তৃক স্বীকৃত নয় বলে উল্লেখ করে তিনি বলেন, খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাষ্ট্রটা এখন অতিক্ষুদ্র ধনিকগোষ্ঠী, সামরিক-বেসামরিক আমলাদের হাতের মধ্যে বন্দি হয়ে গেছে। এ কারণে বৈষম্য অনেক বেড়েছে। মেনন বলেন, দারিদ্র্য কমেছে বলে আমরা উৎফুল্ল হতে পারি। কিন্তু বর্তমানে বৈষম্য এত বেশি যে সেখানে সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়। এজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি আরো বাড়ানোর কথা বলেন তিনি। বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ঘাটতি নিরূপণ ও এর কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে স¤প্রতি একটি জরিপ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গতকাল রবিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এক সংলাপে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। সেখানে এসব কথা বলেন রাশেদ খান মেনন। সিপিডির সংলাপে বক্তারা বলেছেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অংশ হিসেবে উপযুক্ত বয়স্ক ও বিধবারা নির্দিষ্ট হারে ভাতা পান। তবে এজন্য তাদের কার্ড করতে হয়। কিন্তু এসব কার্ড করতে গিয়ে তাদের মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হয়। সিপিডির গবেষণায় উঠে আসে, বয়স্ক ভাতা কার্ড করতে গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের ঘুষ দেন ভাতাপ্রত্যাশীরা। কারণ, ঘুষ না দিলে ভাতা পাওয়ার তালিকায় তাদের নাম লিপিবদ্ধ করা হয় না। প্রতিটি কার্ডের জন্য তারা গড়ে ২ হাজার ৬৫৩ টাকা ঘুষ দেন। এমনকি ঘুষ দিতে না পারায় ভাতা কার্ড করাতে পারেননি, এমন ঘটনাও ঘটেছে। গবেষণায় আরো বলা হয়, স্থানীয় পর্যায়ে বয়স্ক ও বিধবা ভাতা কার্ড করতে গিয়ে একজন উপকারভোগী সর্বনি¤œ ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিয়েছেন। আর এসব ঘুষ নিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও সরকারের কর্মকর্তারা। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সভাপতিত্বে সংলাপে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিচালক মো. মোক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বজলুল হক খোন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ ও ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার নুজহাত জেবিন বক্তব্য রাখেন। গবেষণা ফলাফল উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও গবেষণা সহযোগী এ এস এম শামীম আলম শিবলী। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বাড়াতে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) থেকে সহযোগিতা প্রত্যাশা করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যারমা দত্ত। তিনি বলেন, এনজিওগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচির চেয়ে ক্ষুদ্রঋণ নিয়ে বেশি আগ্রহী। কিন্তু তারা যে মুনাফা করছে, সেখান থেকে ৫ শতাংশ এই খাতে দিতে পারে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের অভাব রয়েছে বলে জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। তিনি বলেন, ভাতা প্রদানের দায়িত্বে যেসব মন্ত্রণালয় রয়েছে, তাদের মধ্যে সমন্বয়ের দুর্বলতা রয়েছে। এজন্য দেখা যায়, অনেকে একাধিক ভাতা পাচ্ছেন, আবার অনেকে একটি ভাতাও পান না। এছাড়া শহর এলাকাতেও সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ও ভাতার পরিমাণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন রাশেদা কে চৌধূরী। তিনি বলেন, ২০১৫ সালে ১৫০ টাকা মাসিক উপবৃত্তি দেয়া হতো, এখনো তাই দেয়া হয়। আমলাতন্ত্রে যারা আছেন, তাদের বেতন এ সময় অনেক বেড়েছে। তাহলে উপকারভোগীদের ভাতার ক্ষেত্রে কেন মূল্যস্ফীতির হিসাব বিবেচনা করা হয় না?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App