×

রাজশাহী

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি, মহাসড়কে তীব্র যানজট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৫:০৯ পিএম

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি, মহাসড়কে তীব্র যানজট

ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের তীব্র চাপ ও ধীরগতির কারণে অন্তত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এর ফলে ঘরমুখো হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। 

জানা গেছে, যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যমুনা সেতু দিয়ে প্রায় দেড় ঘণ্টা একমুখী (One-way) যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। বর্তমানে এই মহাসড়কে যানবাহনগুলো অত্যন্ত ধীরগতিতে ও থেমে থেমে চলছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকে মহাসড়কের যমুনা সেতু থেকে করটিয়া পর্যন্ত এলাকাজুড়ে থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে যানজট নিরসনে মহাসড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে।

পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতুর ওপর ১৭টি গাড়ি বিকল হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সেতুর ওপর গাড়ি থামিয়ে ঝগড়া করার কারণেও যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ বেলা ১১টা ৪০ থেকে দুপুর ১টা ১৬ পর্যন্ত ঢাকাগামী সব গাড়ি বন্ধ রেখে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলের অনুমতি দেয়। বর্তমানে মহাসড়কে দীর্ঘ যানবাহনের সারি রয়েছে।

মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মহাসড়কে মানুষের উপচে পড়া ভিড় আর যানবাহনের ধীরগতিতে ভোগান্তি চরমে। যাতায়াতের জন্য পর্যাপ্ত বাস না থাকায় এবং অতিরিক্ত ভাড়ার চাপে সাধারণ মানুষ বাধ্য হয়ে খোলা ট্রাক, পিকআপ কিংবা মোটরসাইকেলে করে গন্তব্যে রওনা দিচ্ছেন। যাত্রীদের নিরাপত্তা ও যানজট সামাল দিতে বিভিন্ন স্থানে তৎপর রয়েছে পুলিশ বাহিনী।

বাসযাত্রী তারেক মণ্ডল বলেন, ‘পরিবারের অন্যান্য সদস্যদের আগে দিয়ে ঈদ করতে বাড়ি গাইবান্ধায় যাচ্ছি। চন্দ্রা থেকে আমাদের টাঙ্গাইল সীমানায় আসতে ৪ ঘণ্টা সময় লেগেছে। এমন যানজটের কারণে সব মিলিয়ে বাড়ি যেতে ১৪ থেকে ১৬ ঘণ্টা লাগবে। অন্য সময়ে ৬ ঘণ্টায় গাইবান্ধায় যাওয়া যায়।’

এ সময় এক বাসযাত্রী বলেন, ‘গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত আসতে আমাদের ৩ ঘণ্টা সময় লেগেছে। অন্য সময়ে মাত্র দেড় ঘণ্টা সময় লাগে। এতে ঈদে ঘরমুখো সকল মানুষের ভোগান্তি হচ্ছে।’

ট্রাকচালক মোহাম্মদ জাহিদ বলেন, ‘রাত ৩টা থেকে যানজট শুরু হয়েছে। এখন পর্যন্তও যানজটে আটকা রয়েছি। এতে আমাদের ভোগান্তির শেষ নেই।’

বাসচালক ইছাক বলেন, ‘চন্দ্রা থেকে যানজট শুরু। এখনো যানজটে আটকা রয়েছি। সরকারের কাছে ঈদযাত্রা যানজটমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি করছি।’

এদিকে, যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘অতিরিক্ত গাড়ির কারণে সেতু দিয়ে একমুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। সেতুর ওপর বারবার গাড়ি বিকল হচ্ছে। বিকল হওয়া গাড়িগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এরমধ্যে দুই পাশে দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন

ঈদ বাজারে আগুণ, সুগন্ধি চালের দাম আকাশছোঁয়া

ঈদ বাজারে আগুণ, সুগন্ধি চালের দাম আকাশছোঁয়া

বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন আসামের রাজ্যপাল

বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন আসামের রাজ্যপাল

পাকুন্দিয়ায় ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

পাকুন্দিয়ায় ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App