গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি
মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:২২ পিএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ৭ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে বিএসএফের সেই অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ছিলেন ৭ জন পুরুষ।
আরো পড়ুন: সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ‘ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফ এর টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন (পুরুষ) ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করে। এই সংবাদ পেয়ে চাড়ালডাংগা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তাদেরকে বাংলাদেশ অভ্যন্তরে বাধা প্রদানপূর্বক নিকটবর্তী কাঁটাতার বিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।’
এদিকে, কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
বিজিবি জানায়, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ৪৭ বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন জয়পুর বিওপির সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। এসময় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় ৮ জনকে (২ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন ট্রান্সজেন্ডার) নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবির টহল দল বিষয়টি দ্রুত শনাক্ত করে তাদের প্রবেশ প্রতিহত করে।
বিজিবি আরো জানায়, ‘পরবর্তীতে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।’
