পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি
চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম
ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিখোঁজ হন। পরে তারা ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় চলে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের উদ্ধার করে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিদের রাতের মধ্যেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাজির হোসেন।
তিনি জানান, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ডিঙি নৌকায় জহরপুর ক্যাম্প ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় যাচ্ছিলেন ১১-১২ জনের একটি দল। পথে ডিঙি নৌকাটি ডুবে যায়। এ সময় একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি ১০-১১ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় চলে যান।
পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর খানদোহা ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করেন। তারা বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছেন বলে জানান ইউপি চেয়ারম্যান।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বিএসএফের খানদোহা ক্যাম্পের সদস্যরা ১০ জনকে উদ্ধার করেছেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের রাতের মধ্যেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
