নীলফামারীতে এক মাসে ৭ হাজার লার্নার লাইসেন্স আবেদন
মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি : সংগৃহীত
‘ফুয়েল কার্ড’ চালুর পর মোটরসাইকেল চালকদের জন্য রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক হওয়ায় নীলফামারীতে হঠাৎ করেই বেড়েছে শিক্ষানবিস (লার্নার) ড্রাইভিং লাইসেন্সের আবেদন। গত এক মাসেই প্রায় ৭ হাজার বাইক চালক লার্নার লাইসেন্সের জন্য আবেদন করেছেন। এতে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলায় নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৫০ হাজারের বেশি, যা প্রতিনিয়ত বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লার্নার লাইসেন্সের আবেদনও। ‘ফুয়েল কার্ড’ সংক্রান্ত নতুন শর্ত কার্যকরের পর গত এক মাসে জমা পড়া প্রায় ৭ হাজার আবেদন আগের এক বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
এ বিষয়ে বিআরটিএ নীলফামারী সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) এস. এম. মাহবুবুর রহমান ভোরের কাগজকে বলেন, গত এক মাসে জেলায় প্রায় ৭ হাজার বাইক চালক লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন এবং প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। তিনি জানান, ড্রাইভিং পরীক্ষাগুলো নিয়ম মেনেই নেওয়া হচ্ছে এবং সেবা গ্রহণকারীদের লাইসেন্স প্রদানে কোনো জটিলতা হচ্ছে না।
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শুধু লার্নার লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ‘ফুয়েল পাস কার্ড’ ব্যবহার করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে।
