×

রংপুর

একজনের এনআইডিতে ইস্যু হলো অন্যজনের পাসপোর্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম

একজনের এনআইডিতে ইস্যু হলো অন্যজনের পাসপোর্ট

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শুধু একটি পরিচয়পত্র নয়; এটি একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের প্রধান ভিত্তি। ব্যাংক হিসাব খোলা, সিম নিবন্ধন, কর প্রদান, জমি রেজিস্ট্রি থেকে শুরু করে পাসপোর্ট গ্রহণ— প্রায় সব গুরুত্বপূর্ণ সেবার জন্য এনআইডি অপরিহার্য। ফলে এই পরিচয় যদি অন্য কেউ ব্যবহার করতে পারে, তবে তা শুধু একজন ব্যক্তির নিরাপত্তার জন্য নয়, পুরো জাতীয় পরিচয় ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে।

এমনই এক চাঞ্চল্যকর পরিচয় জালিয়াতির অভিযোগ উঠেছে ময়মনসিংহে। মো. তোফায়েল আহামেদ (২৪) নামে এক যুবকের এনআইডি নম্বর, নাম এবং পিতা-মাতার পরিচয় ব্যবহার করে অন্য এক ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

আরো পড়ুন: রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ বাবা ও ছেলে

তোফায়েল আহামেদ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামের বাসিন্দা। বিদেশে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে গত ২৬ জুলাই তিনি ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন করতে যান। বায়োমেট্রিক তথ্য (ছবি ও আঙুলের ছাপ) দেওয়ার সময় কর্তৃপক্ষ তাকে জানায়, তার এনআইডি ব্যবহার করে আগেই একটি পাসপোর্ট ইস্যু করা হয়েছে। ফলে নতুন আবেদন গ্রহণ করা সম্ভব নয়।

এ তথ্য শুনে বিস্মিত হয়ে যান তোফায়েল। কারণ, এর আগে তিনি কখনোই পাসপোর্টের জন্য আবেদন করেননি। পরে তিনি ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আইনি জটিলতা এড়াতে এবং ঘটনার তদন্তের দাবিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) আবেদন করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট পাসপোর্টটি ২০২৪ সালের ৪ নভেম্বর পশ্চিম ঢাকার একটি পাসপোর্ট অফিস থেকে বিতরণ করা হয়েছে। তার দাবি, একটি প্রতারক চক্র তার অজান্তেই তার এনআইডির তথ্য ব্যবহার করে পাসপোর্ট তৈরি ও সংগ্রহ করেছে, যার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

ঘটনার নথিপত্র পর্যালোচনায় আরও একটি অসঙ্গতি সামনে এসেছে। পাসপোর্টে আবেদনকারীর নাম 'তোফায়েল আহামেদ' থাকলেও গ্রহীতার স্বাক্ষরের স্থানে লেখা রয়েছে 'টুপায়েল'। একটি গুরুত্বপূর্ণ সরকারি নথিতে নাম ও স্বাক্ষরের এমন স্পষ্ট অমিল কীভাবে যাচাই-বাছাইয়ের ধাপ পেরিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

সুশাসনের জন্য নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’-এর সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদ বলেন, পরিচয় জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এমন পাসপোর্ট আন্তর্জাতিক অপরাধ, আর্থিক জালিয়াতি কিংবা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। একই সঙ্গে প্রকৃত নাগরিককে ভবিষ্যতে বিদেশ ভ্রমণ বা বিভিন্ন আইনি প্রক্রিয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়তে হতে পারে।

বাংলাদেশে ই-পাসপোর্ট পেতে এনআইডি বা জন্মনিবন্ধনের তথ্য যাচাই, আঙুলের ছাপ, ছবি, পুলিশ ভেরিফিকেশনসহ একাধিক নিরাপত্তা ধাপ অতিক্রম করতে হয়। পাসপোর্ট বিতরণের সময়ও গ্রহীতার ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেওয়ার বিধান রয়েছে। এত কঠোর নিরাপত্তা ব্যবস্থার পরও কীভাবে অন্য একজন তোফায়েলের পরিচয় ব্যবহার করে পাসপোর্ট সংগ্রহ করলেন, তা নিয়ে দেখা দিয়েছে গভীর রহস্য। ঘটনার সঙ্গে কেউ জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ভুক্তভোগী তোফায়েল আহামেদ বলেন, “আমার পরিচয় ব্যবহার করে অন্য কেউ কীভাবে পাসপোর্ট তৈরি ও সংগ্রহ করল, তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছি। আমি চরম উদ্বেগের মধ্যে আছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বক্তব্য জানতে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাসের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তোফায়েল আহামেদের নাম-পরিচয় ব্যবহার করে ইতোমধ্যে অন্য একজন পাসপোর্ট গ্রহণ করেছেন। তোফায়েল নতুন পাসপোর্টের জন্য বায়োমেট্রিক তথ্য দিতে এলে বিষয়টি ধরা পড়ে। তবে ওই পাসপোর্টটি ময়মনসিংহ আঞ্চলিক অফিস থেকে ইস্যু করা হয়নি।

তিনি আরও জানান, বিষয়টি তদন্তের জন্য ভুক্তভোগীর লিখিত অভিযোগ প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

গ্যাসের অভাবে থমকেছে গাড়ি, নিভেছে গৃহস্থালির চুলা

গ্যাসের অভাবে থমকেছে গাড়ি, নিভেছে গৃহস্থালির চুলা

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App