রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৫০ এএম
ছবি : সংগৃহীত
রংপুর নগরীর কামালকাছনা এলাকার মাছুয়াপাড়া থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে একটি তালাবদ্ধ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে আয়ুশ চক্রবর্তী (১৪) ও মেয়ে আগামী চক্রবর্তী (২৮)।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি পারিবারিক কোনো ঘটনার জেরে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ও সময় নির্ধারণে পুলিশ ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে তদন্ত করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির দ্বিতীয় তলায় পরিবারটি বসবাস করত। দীর্ঘ সময় ধরে বাড়িটি তালাবদ্ধ থাকায় সন্দেহ তৈরি হয়। পরে পুলিশ গিয়ে ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।
রংপুর সিআইডি পুলিশের পরিদর্শক আবু হাসান কবির বলেন, পুরো ভবনে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের কেউ হত্যা করে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
