রাশিয়ার হামলায় ইউক্রেনজুড়ে নিহত ১৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি : সংগৃহীত
ইউক্রেনজুড়ে গত বুধবার রাতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৯০ জন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভে নিহত চারজনের মধ্যে ১২ বছর বয়সী এক কিশোরও রয়েছে। পাশাপাশি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে প্রাণ হারিয়েছেন আরো তিনজন।
অন্যদিকে, সীমান্তের ওপারে রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় ৫ ও ১৪ বছর বয়সী দুই শিশু নিহত হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনড্রাটিয়েভ।
গত সপ্তাহান্তে অর্থোডক্স ইস্টার উপলক্ষে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির পরপরই এই হামলাগুলো চালানো হয়। তবে যুদ্ধবিরতির সময়েও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে শত শতবার তা লঙ্ঘনের অভিযোগ তোলে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে জানান, রাজধানীতে প্রাণহানির পাশাপাশি উদ্ধারকারীরা শহরের কেন্দ্রীয় পদিলস্কি জেলায় ধসে পড়া একটি ১৬ তলা আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে এক মা ও শিশুকে জীবিত উদ্ধার করেছেন।
রাজধানীর উত্তরাঞ্চলে ধারাবাহিক শেল হামলায় আহতদের মধ্যে চারজন জরুরি চিকিৎসাকর্মীও রয়েছেন বলে জানা গেছে।
আরো পড়ুন : ইকুয়েডরে বাস খাদে পড়ে নিহত ১৪
দিনিপ্রো অঞ্চলের প্রশাসনিক প্রধান ওলেক্সান্ডার গানঝা জানিয়েছেন, ওই অঞ্চলে হামলায় তিনজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে শহরের বিভিন্ন ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।
এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আটজন নিহত হয়েছেন বলে টেলিগ্রামে জানিয়েছেন সেখানকার সামরিক প্রশাসনের প্রধান সের্হি লিসাক। খারকিভে ড্রোন হামলায় ৭৭ বছর বয়সী এক নারী ও ৬৬ বছর বয়সী এক পুরুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা এই হামলাগুলোকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এগুলো বন্ধ করতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানো বা ইউক্রেনকে সহায়তা দেওয়ার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, আগ্রাসনকারীর ওপর চাপ বাড়াতে প্রয়োজনীয় সব সিদ্ধান্ত এখনই কার্যকর করা জরুরি।
ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একাধিকবার শান্তি আলোচনা হলেও তা স্থবির হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে বেশি মনোযোগ দেওয়ায় এই প্রক্রিয়া আরও ধীর হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন বারবার একটি পূর্ণাঙ্গ ও স্থিতিশীল যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আসছে। তবে মস্কো আগে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর ওপর জোর দিচ্ছে। কিয়েভের অভিযোগ, রাশিয়া প্রকৃতপক্ষে যুদ্ধ বন্ধে আন্তরিক নয়।
