পাকিস্তানকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:১২ পিএম
ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার (১ মে) ২০২৬ সালের বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে। পুরুষদের টেস্ট ও নারীদের ওয়ানডে দুই ফরম্যাটেই শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এছাড়া, নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
পুরুষদের টেস্টে অস্ট্রেলিয়া ১৩১ রেটিং নিয়ে এক নম্বরে আছে। দক্ষিণ আফ্রিকা ১১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ভারত ১০৪ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে। ইংল্যান্ড ১০২ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে। নিউজিল্যান্ড ১০১ পয়েন্টে পাঁচ নম্বরে।
ইংল্যান্ডের পয়েন্ট কমার কারণ ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের জয় এবং পাকিস্তানে ৩-০ সিরিজ জয়ের ফল র্যাঙ্কিং থেকে বাদ পড়া। পাকিস্তান ৮৯ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে ৮৬ পয়েন্টে পেছনে ফেলে ছয়ে উঠেছে। ২০২৪ সালে বাংলাদেশের কাছে ২-০ হারের প্রভাব কমা এবং ইংল্যান্ডের কাছে ৩-০ হোম সিরিজ হার বাদ পড়ায় পাকিস্তান সুবিধা পেয়েছে। আয়ারল্যান্ড পর্যাপ্ত টেস্ট না খেলায় তালিকা থেকে বাদ পড়েছে। র্যাঙ্কিংয়ে ফিরতে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে আগামী এক বছরে অন্তত দুটি টেস্ট খেলতে হবে।
নারীদের ওয়ানডেতে অস্ট্রেলিয়া ১৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ইংল্যান্ড ১২৮ পয়েন্টে দুই, ভারত ১২৪ পয়েন্টে তিন। দক্ষিণ আফ্রিকা ১০০, নিউজিল্যান্ড ৯৩ ও শ্রীলঙ্কা ৮৯ পয়েন্ট নিয়ে চার থেকে ছয়ে আছে। বাংলাদেশ ৭৩ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে সাতে উঠেছে। পাকিস্তান ৭২ পয়েন্টে আটে নেমে গেছে। ওয়েস্ট ইন্ডিজ ৭১ পয়েন্টে নয় এবং আয়ারল্যান্ড ৫০ পয়েন্টে দশ নম্বরে আছে। থাইল্যান্ড ও নেদারল্যান্ডস নির্ধারিত ম্যাচ না খেলায় তালিকার বাইরে আছে।
আইসিসি ৫ মে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি এবং ৭ মে পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করবে।
