নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যাচে হারলো বাংলাদেশ, সিরিজ ড্র
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি- সংগৃহীত
মিরপুরে বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। শনিবার (২ মে) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০৩ রানের লক্ষ্য তাড়ায় বেভন জ্যাকবসের ঝড়ো ফিফটিতে ২০ বল হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা, ফলে তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হলো।
টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ১৬ এবং তানজিদ তামিম ৬ রান করে দ্রুত বিদায় নেন। অধিনায়ক লিটন দাস ইনিংস মেরামতের চেষ্টা করে ১৭ বলে ২৬ রান করেন। তবে দলীয় ৫০ রানের মাথায় বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ হয় এবং ম্যাচের দৈর্ঘ্য ১৫ ওভারে নামিয়ে আনা হয়। বৃষ্টির পর তাওহিদ হৃদয়ের ২৪ বলে ৩৩ রানের ওপর ভর করে নির্ধারিত ১৫ ওভারের ৪ বল বাকি থাকতেই ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। কিউই বোলার জশ ক্লার্কসন ৩টি এবং নাথান স্মিথ ও বেন সিয়ার্স ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই শরিফুল ইসলামের বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ড। ২৫ রানের মধ্যে ৩ উইকেট এবং ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল সফরকারীরা। শরিফুল একাই ৩ উইকেট শিকার করে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান। তবে এরপর পাল্টে যায় ম্যাচের চিত্র।
পাঁচ নম্বরে নামা বেভন জ্যাকবস ক্রিজে এসে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন। ডিন ফক্সক্রফটকে সঙ্গে নিয়ে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। জ্যাকবস তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে ৩১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। ফক্সক্রফট অপরাজিত ছিলেন ১৫ রানে।
প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলেও দ্বিতীয়টি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। এই ম্যাচটি জিতে নিউজিল্যান্ড সমতা ফেরাল। এর মধ্য দিয়ে শেষ হলো নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর।
