আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপে সেরা যে দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:১১ পিএম
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এর মধ্যেই আসন্ন আসরের ফেবারিট ও শিরোপা প্রত্যাশী দলগুলো নিয়ে নিজের মূল্যায়ন জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের এই মহাতারকার মতে, সাম্প্রতিক সময়ে চেনা ছন্দে না থাকলেও ব্রাজিল বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার।
মেসি মনে করেন, ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের দলের গভীরতা। স্কোয়াডে এমন অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছেন, যারা যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই শক্তির কারণেই সেলেসাওরা প্রতিপক্ষের জন্য অন্যতম বড় অস্ত্র হয়ে উঠতে পারে।
ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন ও পর্তুগালকেও শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখছেন মেসি। তার মতে, টুর্নামেন্টের আগে এই দলগুলো নিজেদের দারুণভাবে প্রস্তুত করেছে এবং বিশ্বকাপ জয়ের সব সামর্থ্যই এদের আছে।
ব্রাজিল প্রসঙ্গে বিশেষভাবে দলটির নতুন কোচ কার্লো আনচেলত্তির কথা উল্লেখ করেন মেসি। তিনি বিশ্বাস করেন, অভিজ্ঞ এই ইতালিয়ান কোচের অধীনে ব্রাজিল দলটি আরও বেশি সংগঠিত ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে। ফলে বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের অন্যতম বড় হুমকি হিসেবেই দেখছেন তিনি।
এদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের মিশন যে সহজ হবে না, সেটিও মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি জানান, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বর্তমানে চোট ও ফিটনেস সমস্যায় ভুগছেন। তবে দলের মানসিক দৃঢ়তা, অভিজ্ঞতা ও অতীত সাফল্য তাদের আত্মবিশ্বাস জোগাবে।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হিসেবে দেখছেন মেসি। তার মতে, বিশ্বকাপে যেকোনো দল চমক দেখাতে পারে, তাই কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
শিরোপাধারী হিসেবে আর্জেন্টিনা মাঠে নামলেও মেসির মূল্যায়নে ব্রাজিল এখনো বিশ্ব ফুটবলের অন্যতম বিপজ্জনক দল। আর সে কারণেই আসন্ন বিশ্বকাপে সেলেসাওদের দিকে বিশেষ নজর রাখছেন আর্জেন্টাইন মহাতারকা।
