×

খেলা

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। এর মধ্যেই মাঠের বাইরের এক বড় বিতর্কের জন্ম দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) অভিযোগ করেছে, আসন্ন বিশ্বকাপে তাদের সমর্থকদের জন্য বরাদ্দ থাকা টিকিট হঠাৎ করে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে আগেভাগেই বিশ্বকাপ দেখার জন্য ভ্রমণ পরিকল্পনা ও সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা বিপুলসংখ্যক ইরানি সমর্থক এখন ম্যাচ দেখার সুযোগ হারানোর শঙ্কায় পড়েছেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী বৃহস্পতিবার (১১ জুন) থেকে শুরু হচ্ছে ৪৮ দেশের অংশগ্রহণে ফিফা বিশ্বকাপের নতুন আসর। টুর্নামেন্টে ‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মিসর।

এক বিবৃতিতে ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ম্যাচগুলোর জন্য টিকিট বিক্রির প্রক্রিয়াও শুরু হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে তারা সমর্থকদের কাছে সেই টিকিট সরবরাহ করতে পারছে না। বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ‘সরকারি প্রক্রিয়ার ওপর আস্থা রেখে অনেক ইরানি সমর্থক এরই মধ্যে ম্যাচ দেখতে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। এমন পরিস্থিতিতে তাদের জন্য নির্ধারিত ও বৈধ টিকিটের সুযোগ বন্ধ করে দেওয়া আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার চেতনা ও অংশগ্রহণকারী দেশগুলোর সমতার নীতির পরিপন্থী।’

নিয়মানুযায়ী, বিশ্বকাপের প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল ফেডারেশন সাধারণত স্টেডিয়ামের মোট টিকিটের ৮ শতাংশ নিজেদের সমর্থকদের মধ্যে বিতরণের সুযোগ পায়। এবার সেই অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করছে ইরান। তবে কারা বা কোনো বিশেষ দেশের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিবৃতিতে স্পষ্ট করেনি এফএফআইআরআই। একই সঙ্গে ফিফার প্রতি ‘নিরপেক্ষতা, ন্যায়বিচার ও প্রতিষ্ঠিত নিয়মনীতি’ অনুসরণের আহ্বান জানিয়ে ফেডারেশনটি বলেছে, মাঠের বাইরের রাজনৈতিক বা অন্য কোনো ভূরাজনৈতিক বিষয় যেন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের ওপর প্রভাব না ফেলে, সেটি ফিফার নিশ্চিত করা উচিত। এ বিষয়ে অবশ্য ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানকে ঘিরে এই বিতর্ক অবশ্য নতুন নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যে আঞ্চলিক সংঘাত শুরু হয়, তারপর থেকেই বিশ্বকাপে দলটির অংশগ্রহণ নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এমনকি ভিসা জটিলতার আশঙ্কায় নিজেদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোতে সরিয়ে নিতে বাধ্য হয় ইরান।

দীর্ঘ অনিশ্চয়তার পর গত সপ্তাহে প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে ইরানের সব খেলোয়াড়কে ভিসা দেয় যুক্তরাষ্ট্র। অবশ্য দলের কয়েকজন কর্মকর্তা এখনো ভিসা পাননি বলে জানা গেছে। গত শুক্রবার এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ভিসা ইরানকে দেওয়া হয়েছে।’

এরই মধ্যে আজ মঙ্গলবার ফিফা জানিয়েছে, সংস্থাটির মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজের সঙ্গে এই সংকট নিয়ে একটি ইতিবাচক আলোচনা করেছেন। ইরান দল বর্তমানে মেক্সিকোতে অবস্থান করছে এবং ফিফার আলোচনা বাস্তবায়নের দিকেই এখন চোখ ফুটবলপ্রেমীদের।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App