জিতেও দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
ক্রিস্টিয়ান পুলিসিক। ছবি- সংগৃহীত
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিককে।
ম্যাচ শেষে পুলিসিক জানিয়েছেন, মূলত সতর্কতা অংশ হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে। বললেন,‘একটু আঘাত পেয়েছিলাম। আমি সত্যিই আশা করছি যে এটি গুরুতর কিছু নয়। আজ কেবল সাবধানতা অবলম্বন করেছি, তবে আশা করছি দ্রুতই ফিট হয়ে উঠব।’
পুলিসিক জানান, তার বাঁ পায়ে এই আঘাত লেগেছে। মাঠ ছাড়ার আগে প্রথমার্ধে তিনি বেশ সাবলীল ছিলেন। ম্যাচের সপ্তম মিনিটে তারই দুর্দান্ত ড্রিবলিংয়ের সাহায্যেই যুক্তরাষ্ট্রের প্রথম গোলটি আসে, যা ছিল ডামিয়ান বোবাদিলার আত্মঘাতী গোল।
যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনো জানিয়েছেন, ম্যাচের আগের দিন অনুশীলনের সময়ও পুলিসিক আঘাত পেয়েছিলেন। তাই মূলত সেই চোট সামলাতেই তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পচেত্তিনো বলেন,‘আজকের ম্যাচের দুই দিন আগে অনুশীলনের সময় সে আঘাত পেয়েছিল। আশা করছি এটি বড় কোনো সমস্যা নয়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার পর মনে হয়েছে, তার জন্য এই চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়া কঠিন।’
আর্জেন্টাইন এই কোচ আশা করছেন, এক সপ্তাহ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচেই তারকা ফরোয়ার্ডকে মাঠে পাওয়া যাবে। পচেত্তিনো আরও যোগ করেন, ‘আশা করি এটা গুরুতর কিছু নয়... পরবর্তী ম্যাচেই সে খেলার জন্য প্রস্তুত থাকবে।’
‘ডি’ গ্রুপ থেকে উদ্বোধনী ম্যাচে জয় পাওয়ার পর ১৯ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। আর গ্রুপ পর্বের শেষ খেলায় স্বাগতিকরা মোকাবিলা করবে তুরস্ককে।
