×

সিলেট

আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙন, হুমকির মুখে চার গ্রাম

Icon

স্বপন বণিক, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম

আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙন, হুমকির মুখে চার গ্রাম

ছবি: নিজস্ব

কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের চার গ্রাম। গ্রামগুলো হলো— নরজাকান্দা, উমেদনগর, সাহানগর ও রোদ্রনগর। গত প্রায় দুই মাস ধরে নদীভাঙনের তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধির পর ভাঙন শুরু হয়। তবে পানি কমতে শুরু করলেও ভাঙন থামেনি; বরং প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতঘর, আবাদি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। ফলে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের হাজারো মানুষ।

সম্প্রতি সরেজমিনে নরজাকান্দা, উমেদনগর, সাহানগর ও রোদ্রনগর গ্রাম ঘুরে দেখা যায়, নদী তীরের বিশাল অংশ মুহূর্তের মধ্যেই ধসে পড়ছে। ভাঙন ঠেকাতে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ, গাছের ডালপালা ও অস্থায়ী বেড়া দিয়ে চেষ্টা চালালেও কুশিয়ারার প্রবল স্রোতের কাছে তা ভেসে যাচ্ছে।

আরো পড়ুন: বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

ভাঙনের ভয়াবহতার বিবরণ দিয়ে নরজাকান্দা গ্রামের পল্লীচিকিৎসক মৃণাল রায় জানান, তাঁর বাড়ির অর্ধেক অংশ ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবশিষ্ট অংশটুকুও যেকোনো সময় তলিয়ে যেতে পারে।

একই গ্রামের বাসিন্দা হুমায়ুন মিয়া বলেন, "আজ যেখানে কুশিয়ারা নদী প্রবাহিত হচ্ছে, একসময় সেখানেই আমাদের ঘরবাড়ি ছিল। কয়েক দফায় বাড়ি সরিয়ে এখন প্রায় দুইশো হাত দূরে নতুন করে বসতি গড়েছি। আমাদের গ্রামের একটি প্রাচীন মন্দিরও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।"

স্থানীয়দের অভিযোগ, গত এক দশকে শুধু নরজাকান্দা গ্রামেই দুই শতাধিক বসতঘর ও অন্তত ৫০ বিঘা আবাদি জমি নদীগর্ভে হারিয়ে গেছে। কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে নদী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়িত হলেও তাঁদের এই চার গ্রামে দীর্ঘদিনেও কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এনসিপির উপজেলা সমন্বয়ক কামাল আহমেদ বলেন, "নদীর ভাঙন শুধু মাটিই নয়, মানুষের শেকড়ও কেড়ে নিচ্ছে। তাই অস্থায়ী কোনো উদ্যোগ নয়; দ্রুত টেকসই ও স্থায়ী নদী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলে মানুষের জীবন-জীবিকা রক্ষা করা প্রয়োজন।"

আরো পড়ুন: ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রেজাউল করিম জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল রহমান জানান, কুশিয়ারা নদীর ভাঙন প্রতিরোধে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে একটি প্রকল্পের আওতায় ২০০ মিটার এলাকায় জরুরি প্রতিরক্ষা কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পিরিজপুর ও পুটিয়াকান্দা এলাকায় কাজ শুরু হলেও নদীর তীব্র স্রোতের কারণে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কাকাইলছেও ইউনিয়নের সাহানগর এলাকায় কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, "প্রকল্পের কাজ সম্পন্ন হলে কুশিয়ারা নদীর এই ভয়াবহ ভাঙন থেকে সংশ্লিষ্ট গ্রামগুলো সুরক্ষা পাবে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোলপাড়

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোলপাড়

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App