সিলেটে থামছেই না হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরো ২ শিশুর মৃত্যু
জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম
ফাইল ছবি
সিলেটে কোনোভাবেই থামছে না হামের ভয়াবহতা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে করে সিলেট বিভাগে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত একদিনে হামের নানা উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯৯ জন রোগী। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ল্যাব পরীক্ষায় নতুন ২৫ জনের দেহে রোগটি শনাক্ত হওয়ায় নিশ্চিতভাবে হাম আক্রান্তের মোট সংখ্যা নয়শো ছাড়িয়ে গেছে। তবে এখন পর্যন্ত হামের নানা উপসর্গ নিয়ে সিলেটের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন চার হাজারের ও বেশি রোগী।
আরও পড়ুন: গভীর রাতে ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সিলেটের হাসপাতালগুলোতে চরম শয্যা সংকট দেখা দিয়েছে। হামের প্রধান আইসোলেশন কেন্দ্র হিসেবে ঘোষিত ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি, অর্থাৎ ১৪৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। প্রায় একই রকম চিত্র দেখা গেছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও, সেখানে শয্যা সংখ্যার চেয়ে দেড়গুণেরও বেশি রোগী ভর্তি থাকায় চরম রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর হার এভাবে কেন বেড়ে যাচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো কারণ জানাতে পারেননি স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং রোগীদের বাঁচিয়ে তুলতে তারা সাধ্যমতো আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
