রাষ্ট্রপতি নির্বাচন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সিইসি বৈঠক আজ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে আজ মঙ্গলবার বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠান হবে। এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ অধিশাখার পরিচালক মো. মনির হোসেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমান পরিস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল।
গুরুতর অসুস্থতার কথা জানিয়ে ২৪ জুলাই বিকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আর সেই পর্যন্ত স্পিকারের দায়িত্ব সামলাবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ইতোমধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার অনানুষ্ঠানিক বৈঠক করেছে নির্বাচন কমিশন, তাতে রাষ্ট্রপতি নির্বাচনের আইনি দিক পর্যালোচনা করা হয়। রাষ্ট্রপতি ভোটের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমরা তো প্রস্তুতি শুরু করছি। প্রথা অনুযায়ী এখন স্পিকারের (ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল) সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। ইসি সচিবালয় দু-একদিনের মধ্যে চিঠি দিয়ে সাক্ষাতের সূচি চাইবে। ভারপ্রাপ্ত স্পিকার যখন সময় দেবেন, তখনই এই বৈঠক হবে।
রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে।
সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা বা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে।
এরপর সার্বিক বিষয় পর্যালোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জাতীয় সংসদের আগামী অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
