×

শেষের পাতা

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জীবনাবসান, দাফন হবে আজ

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

Icon

কাগজ প্রতিবেদক ও মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজ আর নেই। গত মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) ৭৬ বছর বয়সে সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী শেষ নিশ্বাস ত্যাগ করেন। ব্যারিস্টার তৌফিক নেওয়াজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী। জুলাই আন্দোলনের সময়কার একাধিক মামলার আসামি হয়ে প্রায় দুই বছর ধরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন দীপু মনি। এই দম্পতির পুত্র তওকীর রাশাদ নেওয়াজ ও কন্যা তানি দীপাবলী নেওয়াজ।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজ মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তৌফিক নেওয়াজ ২০১৯ সালে স্ট্রোক করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতাও ভুগছিলেন। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা। গত সোমবার শারিরিক অবস্থার অবনতি হলে তৌফিক নেওয়াজকে হাসপাতালে নেয়া হয়।

তৌফিক নেওয়াজের অসুস্থতার কথা তুলে ধরে গত ২৭ মে দীপু মনিকে ৭ দিন প্যারোলে মুক্তি দেয়ার আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলী নেওয়াজ। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর করা ওই আবেদনে সাড়া মেলেনি।

এদিকে স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি। মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন।

গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল

ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আমরা চার দিনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলাম। জেলা প্রশাসক ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে।

ফয়সাল ইসলাম আরো বলেন, দীপু মনির কারাবরণের ২ বছর পূর্ণ হয়েছে। তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করলেও অনুমতি মেলেনি। স্বামীর মৃত্যুর পর এবার তিনি প্যারোলে মুক্তির সুযোগ পেলেন।

গতকাল সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে যান তার মেয়ে তানি দীপাবলী ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। সেখানে তানি দীপাবলী তার মায়ের সঙ্গে দেখা করেন। পরে তারা প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

প্যারোলে মুক্তির আইনগত ভিত্তি সম্পর্কে জানিয়ে আইনজীবী ফয়সাল ইসলাম বলেন, কারা আইন ও কারাবিধিতে দিনের আলোতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিধান আছে। এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার আছে। সেই বিধান অনুযায়ী তারা ১২ ঘণ্টার প্যারোল পেয়েছেন। তিনি বলেন, আমরা আইনগতভাবেই এই প্যারোল পেয়েছি। সরকার চাইলে এর চেয়ে বেশি সময়ের জন্যও প্যারোলে মুক্তি দিতে পারত।

আজ সকাল ৬টায় মুন্সিগঞ্জ কারাগার থেকে পুলিশ পাহারায় দীপু মনিকে নিয়ে যাওয়া হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়াত তৌফিক নেওয়াজের মরদেহ আজ সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেয়া হবে। সেখানে স্বামীর মরদেহ দেখবেন দীপু মনি। এরপর মরদেহ নেয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ জোহর জানাজা ও দোয়া শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

সংক্ষিপ্ত জীবনী

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আইন অঙ্গন ও বুদ্ধিবৃত্তিক মহলের এক পরিচিত মুখ। ১৯৫৪ সালে জন্মগ্রহণ করা তৌফিক নেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তিনি মর্যাদাপূর্ণ লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক ও গবেষণামূলক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন গবেষণায় অবদান রাখেন। তিনি ১৯৮০ সালে মিশিগান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে দ্য নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার প্রকাশ করেন। এছাড়া অক্সফোর্ডের ওয়াধাম কলেজে অধ্যয়নকালে তিনি ড. কামাল হোসেনের গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন এবং ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালকের দায়িত্ব পালন করেন। আইন পেশার পাশাপাশি বিভিন্ন আইনি ও গবেষণামূলক কার্যক্রমে তার সরব উপস্থিতি ছিল এবং দেশের সর্বোচ্চ আদালতে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তৌফিক নেওয়াজ ধ্রæপদি সংগীতের চর্চাও করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আমেরিকানসহ ও ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

কেনিয়ায় বিমান বিধ্বস্ত ৫ আমেরিকানসহ ও ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

মার্কিন নৌ অবরোধে ধৈর্যের বাঁধ ভাঙছে ইরানের

মার্কিন নৌ অবরোধে ধৈর্যের বাঁধ ভাঙছে ইরানের

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App