×

শেষের পাতা

কলকাতায় আগুনে নিহত ছয় মরদেহ ফিরল দেশে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মধ্যে ৬ জনের মরদেহ গতকাল শনিবার দেশে ফিরেছে। কুষ্টিয়া, সাতক্ষীরা ও ঢাকার নিহতদের মরদেহ পৃথক সীমান্ত দিয়ে দেশে আনার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আর পরিবারের ইচ্ছায় সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহের শেষকৃত্য কলকাতাতেই সম্পন্ন হয়েছে। চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে কলকাতায় যাওয়া মানুষগুলোর এমন করুণ পরিণতিতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

গত বুধবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯জন নিহত হন। তাদের মধ্যে ৭জন ছিলেন বাংলাদেশি নাগরিক। দুর্ঘটনার পর থেকেই কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরানোর আনুষ্ঠানিকতা সম্পন্নে সহযোগিতা করে।

শনিবার সকালে সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। দুপুর ১২টার পরপরই ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ মরদেহবাহী গাড়ি নিয়ে জিরো পয়েন্টে পৌঁছায়। এসময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সজীব বালা ও বিজিবি কোম্পানি কমান্ডার আফজাল হোসেন ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে সাজুর কফিন গ্রহণ করেন। পরে ইমিগ্রেশনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বহেরা গ্রামের বাসিন্দা আলিমুজ্জামান সাজুর মরদেহ গ্রহণ করে তার স্বজনরা গ্রামের উদ্দেশে রওনা হন। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি নেয়া হয়। এদিকে বিকাল ৫টা ২০ মিনিটে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় পৌঁছায় কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার পরিবারের চার সদস্যসহ পাঁচ বাংলাদেশির মরদেহ। তারা হলেন- দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত, শ্বশুর আকরাম হোসেন ও ঢাকার আমিনবাজারের আহমেদ বাবু।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ, ইমিগ্রেশন, পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে মরদেহগুলো বাংলাদেশি অ্যাম্বুলেন্সে হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তিনটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়। এরমধ্যে দুটি অ্যাম্বুলেন্সে দেবাশীষের পরিবারের চারজনের মরদেহ এবং অন্যটিতে আহমেদ বাবুর মরদেহ নেয়া হয়।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে কলকাতার পিচ ওয়ার্ড হিমাগার থেকে মরদেহগুলো বেনাপোলের উদ্দেশে রওনা হয়। নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুক্রবার রাতেই সম্পন্ন করা হয়েছিল বলে জানান দেবাশীষের

.

পরিবারের মরদেহ শনাক্তকারী ও বাংলাদেশ থেকে যাওয়া তার ভায়রা ফিরোজ। বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান খান জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

দেবাশীষ দত্ত, তার স্ত্রী ও সন্তান চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। গত ৩ আগস্ট কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার ভাড়া বাসা থেকে স্ত্রী আফসানা ও ছোট ছেলে স্বর্ণশীষকে নিয়ে কলকাতায় যান দেবাশীষ। কয়েক দিন পর সেখানে যান তার শ্বশুর আকরাম হোসেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরার কথা ছিল তাদের। কিন্তু সেই প্রত্যাশা আর পূরণ হয়নি। কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন একই পরিবারের চারজন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণশীষের সৎকার এবং আফসানা শারমীন ও আকরাম হোসেনের মরদেহ দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে। বাবা-ছেলের সৎকার কুষ্টিয়া মহাশ্মশানে এবং আফসানা ও আকরামের মরদেহ কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফনের কথা রয়েছে। মরদেহ কুষ্টিয়ায় পৌঁছানোর সময়ের ওপর চূড়ান্ত সময়সূচি নির্ভর করছে বলে জানিয়েছেন দেবাশীষের বাবা দিলীপ দত্ত।

অন্যদিকে একই ঘটনায় নিহত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের গৃহবধূ রেবতী সরকারের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার গভীর রাতে কলকাতার নিমতলা শ্মশানঘাটে সৎকার করা হয়েছে। তার মরদেহ দেশে আনা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। রেবতী সরকারের শেষকৃত্যের ক্ষেত্রেও আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে একদিনে বিপুল ভারতীয় পণ্য জব্দ

সীমান্তে একদিনে বিপুল ভারতীয় পণ্য জব্দ

গাজায় দাফনের জায়গাও ফুরিয়ে যাচ্ছে

গাজায় দাফনের জায়গাও ফুরিয়ে যাচ্ছে

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করল যৌথবাহিনী

৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করল যৌথবাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App