×

শেষের পাতা

ত্রিবেদীর সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য সম্পর্ক সহজ করা নিয়ে আলোচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাণিজ্য সম্পর্ক সহজ করা নিয়ে আলোচনা

বাংলাদেশ সচিবালয়ে গতকাল বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুুল মুক্তাদিরের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক আরো জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। একই সঙ্গে স্থলপথে সুতা আমদানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন বিষয় উঠে আসে বলে মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের মধ্যে দীর্ঘ দিনের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বৈঠকে স্থলবন্দরগুলো পুরোপুরি কার্যকর করা, বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু করা এবং স্থলপথে সুতা আমদানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে প্রায় ১২ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে। এর মধ্যে ভারতের রপ্তানি প্রায় ১১ বিলিয়ন ডলার ও বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি পৌনে এক বিলিয়ন ডলারের মতো। তিনি বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের মধ্যে আন্তঃবাণিজ্যের পথে বিভিন্ন বিধিনিষেধ এলেও গত বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩ বিলিয়ন ডলার ছিল। এতে বোঝা যায়, অনেক সময় অর্থনৈতিক বিবেচনা অন্য অনেক বিষয়কে ছাড়িয়ে যায়। এসব সমস্যা চিহ্নিত করে কীভাবে ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরো সহজ ও কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সম্প্রতি ভারতীয় একটি বাণিজ্যিক প্রতিনিধিদল বৈঠক করেছে। পরে তারা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের

(এফবিসিসিআই) সঙ্গেও বৈঠক করেছে। ওই প্রতিনিধিদল দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। এর একটি বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ ও অন্যটি ডিজিটাল অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করবে। এর মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি, ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ এবং বাণিজ্যে গতি আনার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি তুলে ধরেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে গতি আনা, নতুন বিনিয়োগের সুযোগ ও ক্ষেত্র খুঁজে বের করা এবং সম্পর্ককে এগিয়ে নেয়ার চেষ্টা চলবে।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে অনেক ইস্যু আছে, আবার উন্নয়নেরও অনেক সুযোগ রয়েছে। এসব বিষয়ে সময় সময় আলোচনা প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের উদ্যোগে ও তার দায়িত্বকালীন বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং অর্থনৈতিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলেও তার ভাষ্য।

বৈঠকে দুই দেশের স্থলবন্দরগুলো পুরোপুরি কার্যকর করা, সীমান্ত হাটগুলো পুনরায় চালু এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া সাবরুমসহ আরো কয়েকটি সড়ক যোগাযোগের বিষয়ও আলোচনায় এসেছে। পাশাপাশি গত বছর চালু করা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জানতে চাইলে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।

বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কিছু মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষ উন্নয়ন ও অগ্রগতি চায়। বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘোচানোর জন্য পোড় খাওয়া রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে মন্ত্রী পদ মর্যাদায় রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ

গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ

সংস্কার কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্কার কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App