×

শেষের পাতা

গাজীপুর

শর্ত ভঙ্গ, ফের সাফারি পার্কে ‘নিহার কলি’, ‘সম্রাট বাহাদুর’

Icon

নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর (গাজীপুর) থেকে

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শর্ত ভঙ্গ, ফের সাফারি পার্কে  ‘নিহার কলি’, ‘সম্রাট বাহাদুর’

মালিকপক্ষ শর্ত ভঙ্গ করায় মন্ত্রীর নির্দেশে সাফারি পার্কে ফিরিয়ে আনা হয়েছে হাতি ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুরকে’। ১২ আগস্ট গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে দুটি হাতি দুই ব্যক্তির জিম্মায় দেয়া হয়েছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তোফাজ্জল হোসেন বিষিয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, গত সোমবার দুপুর ২টার দিকে পাঁচ সদস্যের একটি দল সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে একটি হাতি গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে সাফারি পার্কে এসে পৌঁছে এবং অপর একটি হাতি ‘কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে’- এমনটা জানান তিনি।

এর আগে গত রবিবার বন বিভাগের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে হাতি দুটি পুনরায় বন বিভাগের হেফাজতে নেন। মাদি হাতি নিহার কলিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বন থেকে এবং পুরুষ হাতি সম্রাট বাহাদুরকে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগান-সংলগ্ন এলাকা থেকে বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে। জিম্মা গ্রহীতারা নির্ধারিত শর্ত যথাযথভাবে প্রতিপালন না করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নজরে এলে, তিনি হাটি দুটিকে হেফাজতে নেয়ার নির্দেশ দেন। নির্দেশের প্রেক্ষিতে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বন বিভাগ ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে হাতি দুটি বন বিভাগের তত্ত্বাবধানে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসা হয়।

জনসংযোগ কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গাজীপুর সাফারি পার্কে পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা ও বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যদের মাধ্যমে দুটি হাতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরবর্তীকালে হাতির জন্য নির্ধারিত শেডে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে তিনি জানান।

সিলেট বন বিভাগের জুড়ির রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ বলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে রবিবার দুপুরে উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনের কাছে পুরুষ হাতি সম্রাটকে পাওয়া যায়। সেখানে তাকে দিয়ে গাছ টানার কাজ করানো হচ্ছিল। এ সময় হাতির মাথা ও শুঁড়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। সাত-আট কিলোমিটার পথ হেঁটে আসায় হাতিটি ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়ায় হাতিকে রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে। সে নলকূপ থেকে পর্যাপ্ত পানি পান করার পর তাকে কলাগাছ খাওয়ানো হয়। গাজীপুর সাফারি পার্কে পাঠানোর জন্য একটি ট্রাক ভাড়া করা হয়েছে।

লাঠিটিলা বিটের কর্মকর্তা সাজন বলেন, তিনি দেখেছেন হাতিকে দিয়ে কাজ করানোর সময় কথা না শুনায় লোহার ধারালো বস্তু দিয়ে মাহুতরা হাতির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকেন। সম্রাটের শরীরেও এমন আঘাত করা হয়ে থাকতে পারে। হাতি সম্রাটের দেখভালকারী ব্যক্তি মাহুত আবদুর রউফ বলেন, জঙ্গলে প্রবেশের সময় লেবু গাছের কাঁটা লেগে শরীরে ক্ষতচিহ্ন হয়েছে।

গত ৬ ও ৭ আগস্ট রাজা বাহাদুরসহ পার্কের হাতিশালায় দুটি হাতির মৃত্যু হয়। চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সী রাজা বাহাদুরের উপর হামলা করে চার বছর বয়সী হাতি জয়িতা। আক্রমণে রাজা বাহাদুরের একটি পা ভেঙে যায়। হাতির চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড এবং থাইল্যান্ড থেকে আনা হয় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক। সঙ্গে শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শও নেয়া হয়েছিল। সব চেষ্টার পরও গত ৭ আগস্ট হাতির মৃত্যু হয়। এরপর পার্কে হাতির সংখ্যা কমে দাঁড়ায় ৮ টিতে।

অপরদিকে, ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে ৬ আগস্ট গাজীপুর সাফারি পার্কের অপর একটি হাতির মৃত্যু হয়েছে। এরপরই হাতি সম্রাট ও নিহার কলিকে শর্ত সাপেক্ষে তাদের মালিকের জিম্মায় ফিরিয়ে দেয়া হয়েছিল। জিম্মা গ্রহীতারা নির্ধারিত শর্ত ভঙ্গ করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে হাতি দুটি বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বন বিভাগ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পোলসার গ্রামে হাতি সম্রাটের পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নজরুল ইসলামের মৃত্যু হয়। কুড়িগ্রামের নজরুল ইসলাম ও পটুয়াখালীর হাসান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে হাতি দিয়ে টাকা তোলা এবং নির্যাতনের অভিযোগ ছিল। এ ঘটনার পর বন বিভাগ হাতিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে পুনর্বাসনের জন্য গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরে আবেদনের প্রেক্ষিতে চলতি মাসের ১২ আগস্ট বেশ কয়েকটি শর্তজুড়ে মালিকদের কাছে বুঝিয়ে দেয় বন বিভাগ।

একই বছরের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে হাতি নিহারকলিকে উদ্ধার করা হয়। সেখানে এক ব্যক্তি হাতিটি দিয়ে রাস্তায় মানুষের কাছ থেকে টাকা তুলতেন। এছাড়া হাতিটিকে লালনপালনকারীর লোকজন বেঁধে নির্যাতন করতেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App