×

আন্তর্জাতিক

কর্মী নিয়োগে মালয়েশিয়ার নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

কর্মী নিয়োগে মালয়েশিয়ার নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। নতুন এই গাইডলাইন অনুযায়ী, বিদেশি কর্মী নিয়োগ থেকে শুরু করে তাদের মালয়েশিয়ায় প্রবেশ পর্যন্ত নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে আটটি ধাপ অনুসরণ করতে হবে।

এর আগে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ৪০টির বেশি মেডিকেল সেন্টারের তালিকা অনুমোদন করে। এ নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) ও বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়ে এটিকে ‘নতুন সিন্ডিকেট’ হিসেবে আখ্যা দেয়। বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেন, তালিকায় থাকা অধিকাংশ প্রতিষ্ঠান ‘ডামি এজেন্সি’ এবং এর পেছনে একটি প্রভাবশালী চক্র রয়েছে।

আরও পড়ুন: সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে

এ পরিস্থিতিতে বিষয়টি পরিষ্কার করতে মালয়েশিয়া সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে সিন্ডিকেটের অভিযোগ নাকচ করে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দুই দেশের সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং শিগগিরই শ্রমবাজার চালুর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে বলে এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে ঠিক কবে শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে খুলবে, সে বিষয়ে এখনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি।

নিয়োগ প্রক্রিয়ায় মালয়েশিয়ার নতুন নির্দেশনা

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ ২০২১ সালে বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল। এর মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগের পর ২০২৪ সালের জুনে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া।

ঢাকার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান সমঝোতা স্মারক কার্যকর থাকায় সেটি অনুসরণ করেই বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে হবে। ডিসেম্বরের পর নতুন সমঝোতা স্মারক বা চুক্তির বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

জনশক্তি রপ্তানিকারকদের অভিযোগ, আগে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং যাদের অনিয়মের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিল, তাদের পাশাপাশি একটি প্রভাবশালী গোষ্ঠী শুরু থেকেই বাজারটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আরও পড়ুন: গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, তালিকাভুক্ত এজেন্সিগুলোর অনেককেই তারা চেনেন না। তার অভিযোগ, আগের সিন্ডিকেটের একটি অংশের সঙ্গে নতুন কিছু প্রভাবশালী ব্যক্তি এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং এতে বড় ধরনের দুর্নীতিও থাকতে পারে।

তবে সিন্ডিকেট বা এ ধরনের কোনো তৎপরতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এজেন্সি ও মেডিকেল সেন্টারের তালিকা নিয়ে নানা প্রশ্নের মধ্যেই রোববার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া ও নিয়মকানুন নিয়ে নির্দেশনা জারি করে। বাংলাদেশ সরকার এই নির্দেশনাকে দ্রুত শ্রমবাজার চালুর সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছ, সুশৃঙ্খল ও নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, একজন বিদেশি কর্মী নিয়োগ এবং তাকে মালয়েশিয়ায় কাজে যোগদানের জন্য মোট আটটি ধাপ অতিক্রম করতে হবে।

প্রথম ধাপে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মীর চাহিদা জানিয়ে আবেদন বা অনুমোদন নিতে হবে। একই সঙ্গে নির্ধারিত প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

দ্বিতীয় ধাপে আগ্রহী নিয়োগদাতাকে মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টারে বিদেশি কর্মীর কোটা চেয়ে আবেদন করতে হবে। অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি সাক্ষাৎকার নেবে এবং কোটা অনুমোদনের সিদ্ধান্ত জানাবে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

তৃতীয় ধাপে লেভি বা নিয়োগসংক্রান্ত সরকারি ফি পরিশোধ করতে হবে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ও মাইআইএমএমএস ব্যবস্থার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

চতুর্থ ধাপে নিয়োগদাতাকে শর্তসাপেক্ষ অনুমোদনপত্র সংগ্রহ করতে হবে। মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টার এবং সরকার নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে এটি সম্পন্ন হবে।

পঞ্চম ধাপে বিদেশি কর্মীর নিজ দেশে থাকা মালয়েশিয়ান দূতাবাস বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের মাধ্যমে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

ষষ্ঠ ধাপে কর্মীর নিজ দেশ থেকে নিয়োগ এবং মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। এ কাজ রিক্রুটমেন্ট এজেন্সি (আরএ) বা নিয়োগকারী সংস্থার মাধ্যমে সম্পন্ন করতে হবে।

সপ্তম ধাপে বিদেশি কর্মীর জন্য ভিসা উইথ রেফারেন্স (ভিডিআর) সংগ্রহ করতে হবে।

অষ্টম ও শেষ ধাপে বিদেশি কর্মীর মালয়েশিয়ায় প্রবেশ সম্পন্ন হবে। এ ধাপ শেষ হলেই নির্ধারিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্দেশনায় মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য এবং অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা জানতে নিয়োগদাতাদের ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) পোর্টাল ব্যবহারের পরামর্শ দিয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া সফরের সময় শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিল।

সূত্র: বিবিসি বাংলা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

সারা দেশে ভারি বৃষ্টির আভাস

সারা দেশে ভারি বৃষ্টির আভাস

পর্নো ভিডিও বানিয়ে ৩৫০০ টাকায় দিতেন ‘লাইফটাইম মেম্বারশিপ’

পর্নো ভিডিও বানিয়ে ৩৫০০ টাকায় দিতেন ‘লাইফটাইম মেম্বারশিপ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App