তাহসিন হত্যায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট
চট্টগ্রাম অফিস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় চট্টগ্রামের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার পুলিশের করা আবেদনের শুনানি শেষে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার এই আদেশ দেন।
এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ২০২৪ সালের ২১ অক্টোবর চান্দগাঁও এলাকায় আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় এজাহার নামীয় আসামি মোবারক হোসেন ইমন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ অক্টোবর বিকালে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় সন্ত্রাসীরা মাইক্রোবাসে করে এসে গুলি করে হত্যা করে ইট-বালু ব্যবসায়ী আফতাব হোসেন তাহসিনকে। ওই ঘটনায় নিহত তাহসিনের বাবা বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও মোবারক হোসেন ইমনসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছিলেন।
এর আগে গত ১২ আগস্ট হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। ২ আগস্ট ডেভিড ইমনকে ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় পাঁচ দিন ও অন্য একটি অস্ত্র মামলায় পাঁচ দিন রিমান্ডে পেয়েছিল পুলিশ।
চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮ মামলার আসামি এই মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। গত ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি কার থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ। পরদিন ডেভিড ইমনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।
