×

যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

পেটেন্ট করা ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তুতির মধ্যেই বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে বিরল রোগ, বন্ধ্যত্ব, সেল ও জিন থেরাপিসহ নির্দিষ্ট চিকিৎসায় ব্যবহৃত যোগ্য পণ্য শূন্য শতাংশ শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পাবে।

মার্কিন বাণিজ্য বিভাগের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশ, ভারত ও জাপানসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেওয়া হবে না। অ্যাড ভ্যালোরেম শুল্ক বলতে পণ্যের আর্থিক মূল্যের ওপর নির্ধারিত শতাংশ হারে আরোপ করা শুল্ককে বোঝায়।

এদিকে ২৯ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট কিছু পেটেন্ট করা ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান আমদানিতে ১০০ শতাংশ শুল্ক কার্যকর করার প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল পেটেন্ট করা ওষুধ, বায়োলজিকস ও সংশ্লিষ্ট উপাদান আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রে এসব পণ্যের উৎপাদন বাড়ানোই ওই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়।

যেসব ওষুধে শুল্কছাড়

শূন্য শতাংশ শুল্কের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল থেরাপি, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (এডিসি) এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত নির্দিষ্ট সংশ্লিষ্ট উপাদানও শূন্য শতাংশ শুল্কের আওতায় থাকবে।

বাংলাদেশ ছাড়া তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ভারত, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, নর্থ মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।

মার্কিন বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকাভুক্ত দেশ ও অঞ্চল থেকে আমদানি করা যোগ্য পণ্য শূন্য শতাংশ শুল্ক সুবিধা পাবে। এসব দেশ ও অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বা ভবিষ্যতে কার্যকর হতে যাওয়া বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তির বিষয়টি এ সুবিধার সঙ্গে সম্পর্কিত।

পেটেন্ট ও জেনেরিক ওষুধে ভিন্ন নীতি

ট্রাম্পের এপ্রিলের ঘোষণার বাস্তবায়নের অংশ হিসেবে এই শুল্কনীতি কার্যকর করা হচ্ছে। ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের ২৩২ ধারার আওতায় ওষুধ ও ওষুধের উপাদান আমদানিতে পরিবর্তন আনার উদ্যোগের অংশ হিসেবে ওই ঘোষণা দেওয়া হয়েছিল।

নতুন ব্যবস্থায় নির্দিষ্ট পেটেন্ট করা ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই শুল্ক ৩১ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং অন্য তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

তবে মার্কিন বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের ২৩২ ধারার আওতায় আরোপিত এই শুল্কের অন্তর্ভুক্ত নয়।

বিজ্ঞপ্তিতে মূল ঘোষণার কিছু কারিগরি সংশোধনও করা হয়েছে। এর মধ্যে ‘জেনেরিক ফার্মাসিউটিক্যাল আর্টিকেলস’-এর সংজ্ঞা পরিবর্তন করে পেটেন্টবিহীন প্রাণীর স্বাস্থ্যসেবা পণ্যগুলোকে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া ‘ফার্মাসিউটিক্যাল আর্টিকেলস’-এর সংজ্ঞাও আরও স্পষ্ট করা হয়েছে। এতে প্রস্তুত ওষুধ, ওষুধ তৈরিতে ব্যবহৃত সক্রিয় উপাদান এবং ওই সক্রিয় উপাদান তৈরির প্রধান কাঁচামাল অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

সাগরে গভীর নিম্নচাপ

সাগরে গভীর নিম্নচাপ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App