×

আবহাওয়া

তিন বিভাগে বন্যার শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:০৯ এএম

তিন বিভাগে বন্যার শঙ্কা

ছবি : সংগৃহীত

উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চলে আগামী দুই দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

নীলফামারীর তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বুধবার সকালে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকেলের পর থেকে তা দ্রুত কমতে শুরু করে। সন্ধ্যা ৬টায় নদীর পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচে নেমে আসে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, আপাতত রাতে আবার পানি বৃদ্ধির আশঙ্কা নেই।

তবে পানি কমতে শুরু করলেও তিস্তা নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে নদীরক্ষা বাঁধে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে এবং কয়েকটি অংশ ধসে পড়ায় স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটছে। একই সঙ্গে শাকসবজি, ভুট্টা ও বাদসহ বিভিন্ন ফসলের জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে।

ডোমার ও জলঢাকা উপজেলার নদীতীরবর্তী আটটি ইউনিয়নের বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বসতঘর, মসজিদ, কবরস্থান এবং বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হতে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগসহ পার্শ্ববর্তী উজান এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানিও আগামী এক দিন পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিস্তা ও দুধকুমারের পানি কয়েকটি স্থানে বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও বাড়তে পারে। বৃহস্পতিবারের মধ্যে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার কিছু এলাকায় এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি।

অন্যদিকে আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি প্রথম দুই দিন স্থিতিশীল থাকলেও পরে বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানিও আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কীভাবে কাটবেন জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট

কীভাবে কাটবেন জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট

সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত

সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত

চাঁদে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের তৈরি রকেট

চাঁদে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের তৈরি রকেট

রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App