×

আওয়ামী লীগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা ও জাতীয় পুনর্মিলন বা ‘রিকনসিলিয়েশন’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর ‘জাস্টিস, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন’ শীর্ষক অধিবেশনে এ বিষয়ে মত দেন দেশি-বিদেশি বক্তারা।

বক্তারা বলেন, অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সমাজের বিভাজন কাটিয়ে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার জন্য পুনর্মিলন প্রয়োজন। তবে বিচার ও জবাবদিহি ছাড়া পুনর্মিলন সম্ভব নয় বলে তারা মত দেন।

আলোচনায় বলা হয়, যৌথ তদন্ত, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ, অপরাধীদের দায় স্বীকার ও অনুশোচনা এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে শাস্তির বিষয়গুলোকে পুনর্মিলন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। একই সঙ্গে বিচারকে প্রতিহিংসা থেকে আলাদা রাখার ওপরও গুরুত্ব দেন বক্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী বলেন, আওয়ামী লীগের সঙ্গে জুলাইয়ের পক্ষের শক্তির রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা তিনি দেখছেন না। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা গুরুতর অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত নন, তারা নিজেদের ভুল ও অপরাধের জন্য অনুতপ্ত হয়ে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাইলে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মত দেন তিনি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ভুল স্বীকার বা অনুশোচনা প্রকাশের তেমন কোনো লক্ষণ দেখা যায়নি।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, বিভক্ত জাতি ও পরস্পরবিরোধী অবস্থানের কারণে কোনো দেশ দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে পারে না। তাই জাতীয় পুনর্মিলনের কোনো বিকল্প নেই। তবে কীভাবে এ প্রক্রিয়া শুরু হবে, সেটিই বড় প্রশ্ন।

তার মতে, পুনর্মিলনের জন্য সংশ্লিষ্ট সবাইকে খোলামনে সামনে আসতে হবে, নিজেদের ভুল স্বীকার করতে হবে এবং অনুশোচনা প্রকাশ করতে হবে। অতীতের অন্যায় ও ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে তার পুনরাবৃত্তি ঠেকানোর উদ্যোগ নিতে হবে।

ড. বদিউল আলম মজুমদার বলেন, অন্যায় ও লুটপাটের সঙ্গে জড়িতদের মধ্যে অতীতের অধ্যায়ের ইতি টেনে নতুন ভবিষ্যৎ নির্মাণের উপলব্ধি না এলে পুনর্মিলন সম্ভব নয়। প্রতিহিংসা ও প্রতিশোধের প্রবণতা অব্যাহত থাকলে সমঝোতা, সম্প্রীতি ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ কঠিন হয়ে পড়বে।

লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় রিকনসিলিয়েশন কঠিন হলেও এটি প্রয়োজন। তার ভাষায়, কঠিন হলেও কখনো কখনো অস্ত্রোপচারের মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়। পুনর্মিলন না হলে দেশ প্রতিশোধের চক্রে আটকে থাকতে পারে।

তিনি বলেন, প্রতিশোধের চক্র অব্যাহত থাকলে অর্থনৈতিক সমৃদ্ধিও বাধাগ্রস্ত হবে। এক দল ক্ষমতায় এসে অন্য দলকে সরিয়ে দেওয়ার ধারাবাহিকতা চলতে থাকলে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব হবে না।

আলতাফ পারভেজের মতে, আওয়ামী লীগ এখনো নিজেদের ভুল স্বীকার বা অনুতাপ প্রকাশ করেনি—এটিও তাদের একটি ভুল। তবে ক্ষমতায় থাকা বিজয়ী পক্ষেরও দায়িত্ব রয়েছে। সরকার চাইলে রাষ্ট্রপতি বা সংসদের মাধ্যমে জাতীয় পুনর্মিলনের একটি প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিতে পারে বলে তিনি মত দেন।

বে অব বেঙ্গল কনভারসেশনের ওই অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিচার ও জবাবদিহির আগে পুনর্মিলনের সুযোগ নেই। তার বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করার পরই পুনর্মিলন নিয়ে আলোচনা হতে পারে।

আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সহিংসতার সঙ্গে জড়িতদের আইনি পরিণতি থেকে আড়াল করার উপায় হিসেবে পুনর্মিলনকে ব্যবহার করা হলে এ প্রক্রিয়া ব্যর্থ হতে পারে।

বিশেষজ্ঞদের আলোচনায় মূলত উঠে এসেছে—জাতীয় পুনর্মিলনের পথ তৈরি করতে হলে বিচার, জবাবদিহি, দায় স্বীকার, অনুশোচনা ও ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকানোর নিশ্চয়তার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারা দেশে ভারি বর্ষণের আভাস

সারা দেশে ভারি বর্ষণের আভাস

হেফাজতকে পাশে পেতে বিএনপির তৎপরতা

হেফাজতকে পাশে পেতে বিএনপির তৎপরতা

স্বামী খুন, ছুরি হাতে স্ত্রী পলাতক

স্বামী খুন, ছুরি হাতে স্ত্রী পলাতক

পাকিস্তানের ফাঁদে ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের ফাঁদে ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App