×

জাতীয়

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

ছবি : সংগৃহীত

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বৈশ্বিক পোশাকবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রয়াদেশে। চলতি নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশের জন্য নির্ধারিত মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্যান্য উৎপাদনকারী দেশে সরিয়ে নিয়েছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো। এতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে প্রতিবেশী ভারত।

গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। এর বড় অংশ পেয়েছে ভারত। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের জন্য এ ঘটনা বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, এর প্রভাব চলমান অস্থিরতার সময় পেরিয়েও দীর্ঘমেয়াদে থাকতে পারে।

শিল্পনেতাদের মতে, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের স্বল্প ব্যয়ে উৎপাদনের সুবিধা কমে যাচ্ছে। অথচ এই সুবিধার ওপর ভর করেই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। পরিস্থিতির কারণে বৈশ্বিক ক্রেতারা এখন বিকল্প উৎপাদনকেন্দ্রের দিকে ঝুঁকছেন।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভের কারণে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। ফলে এ খাতে অস্থিরতা দেশের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।

ক্রয়াদেশ স্থানান্তরের ঘটনায় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ভারত। তবে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকেও বিকল্প হিসেবে বিবেচনা করছেন বলে জানিয়েছেন শিল্পনেতারা।

গত বুধবার সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়। গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে ‘সন্তোষজনক’ উল্লেখ করে আশা প্রকাশ করেন, শনিবার থেকে শ্রমিকেরা কাজে ফিরবেন। তবে মাঠপর্যায়ে অস্থিরতা পুরোপুরি কাটেনি। শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয় সাশ্রয়ের সুবিধা আরও কমে আসবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ডে নতুন নির্ধারিত মজুরিও যথেষ্ট নয়।

আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কারখানামালিক জানান, চলমান অস্থিরতার কারণে বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। এসব ক্রয়াদেশের বড় অংশই পেয়েছে ভারত। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স। এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়ে যায়। দেশটির গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের শেয়ার প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পায়। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলের মতো সম্ভাব্য সুবিধাভোগী প্রতিষ্ঠানের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বাড়ে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দাম উদ্যোক্তাদের ওপর চাপ তৈরি করেছে। এমন এক সময়ে মজুরি বাড়াতে হয়েছে, যখন ক্রেতারা পণ্যের দাম কমানোর জন্য চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করে বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ায় একদিকে আর্থিক ক্ষতি কমানো সম্ভব হচ্ছে, অন্যদিকে বৈশ্বিক ক্রেতাদের ধরে রাখারও চেষ্টা চলছে।

তবে কারখানামালিকদের সবচেয়ে বড় উদ্বেগ, একবার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেলে ক্রেতারা নতুন উৎপাদনকেন্দ্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারেন। সে ক্ষেত্রে ভবিষ্যতের ক্রয়াদেশও হারানোর ঝুঁকি রয়েছে। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে। অনেক কারখানাকে বাধ্য হয়ে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।

মহিউদ্দিন চৌধুরী জানান, সরবরাহকারী বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতারা এখন শুধু পণ্যের দাম নয়, দ্রুত সরবরাহের বিষয়টিকেও বেশি গুরুত্ব দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পৌঁছানোর প্রয়োজন হলে ব্র্যান্ডগুলোর কাছে দাম তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তার তথ্যমতে, বাংলাদেশের তুলনায় ভারত প্রায় এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন আগে পণ্য সরবরাহ করতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ সম্পন্ন করতে পারলেও বাংলাদেশে এ প্রক্রিয়ায় প্রায় ১২০ দিন সময় লাগে।

চলমান অস্থিরতায় ঢাকা ও আশপাশের এলাকার কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে তৈরি হয়েছে বড় ধরনের উৎপাদন জট বা ব্যাকলগ। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে অনেক কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর পরিকল্পনা করছে।

ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ আসা প্রায় বন্ধ হয়ে গেছে। গত ১ নভেম্বর থেকে তাঁর অধিকাংশ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। পাশাপাশি আগের ক্রয়াদেশগুলো সরিয়ে নেওয়া, স্থগিত করা অথবা বাতিল করে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।

এদিকে ভারত থেকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বাড়িয়েছে। শিল্পনেতাদের মতে, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে হলে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি।

মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিরতার সুযোগে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর বাংলাদেশে ফিরে নাও আসতে পারে। তাই সাময়িকভাবে স্থানান্তরিত ক্রয়াদেশ যেন দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য দ্রুত ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। কারণ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর হাতে এখন একাধিক বিকল্প রয়েছে। অস্থিরতা অব্যাহত থাকলে বাংলাদেশের জন্য তারা অপেক্ষা করবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি

গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি

‘১৬ ডিসেম্বরই ফিরছেন শেখ হাসিনা’

দ্য ওয়াল ‘১৬ ডিসেম্বরই ফিরছেন শেখ হাসিনা’

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App