যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি : সংগৃহীত
দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
এ সময় পুলিশ সদস্যদের দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজি গ্রেড-১ (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অ্যাডিশনাল আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
চূড়ান্ত প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ. এন. এম. মারুফ আব্দুল্লাহ। অনুষ্ঠানে শিশুরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
প্রতিযোগিতায় জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রানারআপ চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি), রানারআপ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। উশুতে চ্যাম্পিয়ন ডিএমপি, রানারআপ চট্টগ্রাম রেঞ্জ। আর কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ, রানারআপ সিএমপি।
পরে আইজিপি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২৬ (রোববার) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়।
