‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
ছবি : সংগৃহীত
বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহন নামের এক কর্মী। লাইভে তিনি বলেন, ‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না।’
বুধবার (২৫ নভেম্বর) থেকে তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ফেসবুক লাইভে ডিসেম্বর মাসের প্রসঙ্গ তুলে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের দেশে ফেরার আহ্বান জানান মোহন। এ সময় তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘দল ক্ষমতায় থাকতে তোরা আমাকে মামলায় ঢুকিয়েছিলি। এখন বিদেশে পালিয়ে গেলি কেন? ডিসেম্বরের অল্প কয়েক দিন আছে, তোরা আসছিস না কেন? তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না। তোরা পদ-পদবি নিয়ে সবকিছুতে ছিলি। তোদের দেওয়া দলীয় মামলা এখনো চালাতে হচ্ছে। এখন দলের কঠিন সময়ে জামায়াত-বিএনপির মামলা চালাব, নাকি দলীয় মামলা চালাব? এখন বিদেশে বসে লিয়াজোঁর কথা বলছিস। তোরা দুই নম্বর।’
স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আলোচনায় ছিলেন মোহন।
ছড়িয়ে পড়া ভিডিওতে মোহন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দলের কিছু নেতাকর্মী তাঁকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন। প্রভাব খাটিয়ে তাঁকে বিভিন্ন মামলায়ও জড়িয়েছেন। অথচ দলের বর্তমান সংকটের সময়ে ওই নেতাকর্মীরা বিদেশে অবস্থান করছেন এবং দেশে থাকা কর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন।
তিনি আরও বলেন, দল ক্ষমতায় থাকার সময় যাঁরা পদ-পদবি ও নানা সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাঁদের কারণে এখনো তাঁকে দলীয় মামলার বোঝা বহন করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের মামলার পাশাপাশি দলীয় মামলার চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে বলেও ক্ষোভ জানান তিনি।
